ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম)-- বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের গ্রেপ্তার সংক্রান্ত সংবাদ প্রকাশকারী পত্রিকার সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদকদের সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির করতে পারেননি তার আইনজীবীরা।
এজন্য ক্ষুব্ধ মামুন আদালতেই তার আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেন। আদালত মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এই মামলার যুক্তিতর্কের দিন আগামী ৪ জুন ধার্য করেছেন।
একদিনের বিরতি দিয়ে বৃহস্পতিবার দুপুরে বিশেষ জজ আদালত--৫ এর বিচারক আশরাফ হোসেনের আদালতে মামুনের আইনজীবীরা জানান, সাক্ষ্য দেওয়ার জন্য তারা সাংবাদিকদের আনতে পারেননি।
এর আগে মঙ্গলবার মামুন আদালতকে বলেন, ৩১ জানুয়ারি আটক করার পর যৌথবাহিনী তাকে প্রায় দুই মাস গোপন হেফাজতে রেখেছিল। ওই আটকের খবর তখন কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। মামুনের আইনজীবীরা ওই পত্রিকাগুলোর সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদকদের সাক্ষ্য নেওয়ার আবেদন জানান। আদালত সেসময় বলেছিলেন, সংবাদপত্র তিনটির সম্পাদক ও প্রতিবেদকরা সাক্ষ্য দিতে রাজি থাকলে বৃহস্পতিবার তা গ্রহণ করা হবে।
কিন্তু নির্ধারিত দিনে সাংবাদিকদের হাজির করতে না পারায় গিয়াস আল মামুন তার আইনজীবীদের ভর্ৎসনা করে বলেন, "সম্পাদক ও সাংবাদিকদের আনতে পারলেন না কেন? তারা না আসুক আমার সঙ্গে যারা আটক হয়েছিলেন, তাদেরও তো সাক্ষী করা যেত। তাদেরও কেন আনতে পারলেন না?"
মামুনের আইনজীবীরা এ সময় পাঁচটি পত্রিকায় প্রকাশিত যৌথবাহিনীর হাতে মামুনের আটক সম্পর্কিত খবরের ফটোকপি জমা নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান।
কিন্তু সরকারপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে বলেন, আদালতে কোনো পত্রিকার খবরের ফটোকপি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়। এটি সাক্ষ্য আইনের পরিপন্থী। তবে কোনো সাংবাদিক আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিলে তা গ্রহণযোগ্য হতে পারে।
আদালত উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে সাক্ষ্য হিসাবে প্রকাশিত প্রতিবেদনের কপি গ্রহণযোগ্য নয় বলে মত দেন। অবশ্য বিচারক বলেন, আদালত ইচ্ছা করলে প্রকাশিত ওই প্রতিবেদনগুলো গ্রহণ করতে পারে, তবে তা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না।
আদালতে সরকারপক্ষে পিপি সৈয়দ গোলাম ফাত্তাহ ও পিপি মোশাররফ হোসেন কাজল বক্তব্য রাখেন। অন্যদিকে মামুনের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের অনুপস্থিতিতে তার সহকর্মীরা বক্তব্য উপস্থাপন করেন।
এর আগে দুপুর ১টা ৫০ মিনিটে নরসিংদী কারাগার থেকে মামুনকে আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমকে/আরএ/জেকে/এসএনডি/১৭৪৮ ঘ.
bdnews24