ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানের আইনগত ভিত্তি জোরালো করতে আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে 'ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্যা সাপ্রেশন অব অ্যাক্টস অব নিউক্লিয়ার টেরোরিজম'--এ বাংলাদেশের যোগদানের প্রস্তাব অনুমোদন করা হয় বলে সরকারের তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতিসংঘ ও এর অঙ্গ সংগঠনের এ পর্যন্ত নেওয়া ১৩টি কনভেনশনের ১২টিতেই যোগ দিয়েছে বাংলাদেশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"তেজস্ক্রিয় পদার্থ বা পারমাণবিক প্রযুক্তি দিয়ে সন্ত্রাসী তৎপরতায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা, বিচার ও বিশেষ ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে বন্দি বিনিময়ের বিষয়টিকে আইনি ভিত্তি দেওয়ার জন্য বাংলাদেশ এ সনদ অনুমোদনের সিদ্ধান্ত নেয়।"
দেশে সন্ত্রাসী হুমকি বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সনদটি অনুমোদন প্রয়োজনীয় হয়ে পড়েছে জানিয়ে তিনি আরও বলেন, "এর ফলে সনদে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে তথ্য আদান প্রদান করার মাধ্যমে সন্দেহজনক সন্ত্রাসী তৎপরতার ক্ষেত্রে তদন্ত পরিচালনা, সন্দেহভাজন সন্ত্রাসীদের গ্রেপ্তার, বিচার বা বন্দী বিনিময়ের কাজ সহজ হবে।"
২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর জাতিসংঘের সাধারণ পরিষদ সন্ত্রাসবিরোধী এই সনদ অনুমোদন করে। ২০০৫ সালের ১৪ই সেপ্টেম্বর থেকে সনদটিতে স্বাক্ষরের বিষয়টি উন্মুক্ত করে দেওযা হয়। এ পর্যন্ত অন্তত ২২টি দেশ এতে স্বাক্ষর করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এফএফ/এসএনডি/আরবি/জিএনএ/১৯৫১ ঘ.
bdnews24