ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম ) -- ২৭তম বিসিএস মৌখিক পরীক্ষার ফল বাতিল করেছে সরকার।
বুধবার উপদেষ্টা পরিষদের এক সভায় সরকারি কর্মকর্তা নিয়োগের পরীক্ষাটির মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আবার মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য সরকারি কর্মকমিশনকে অনুরোধের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বৈঠকে বিস্তারিত আলোচনা করে ২৭তম বিসিএস সম্পর্কে পত্র--পত্রিাকা ও সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে জনমনে আস্থা পুনরুদ্ধার ও স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে।
২০০৫ সালের ২৮ জুন ১৭৭৬টি শূণ্য পদে নিয়োগের জন্য ২৭তম বিসিএস এর বিজ্ঞাপন দেওয়া হয়। সংস্থাপন মন্ত্রণালয় এ বছরের ১৩ জুন সরকারি কর্ম কমিশনকে ২৭তম বিসিএস এর কার্যক্রম শুরু করার নির্দেশনা দেয়। ১ লাখ ৩৬ হাজার ১০৫ জন প্রার্থী আবেদন করে। যাদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৩৩৯ জন ২৮ নভেম্বরর প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। ২০০৫ সালে ৪ ডিসেম্বর ফল প্রকাশ করা হয়। সাড়ে ২৬ হাজার প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। ২০০৬ সালের ১৮ মার্চ লিখিত পরীক্ষা শুরু হয়। ফল প্রকাশিত হয় ১৭ আগস্ট। মৌখিব পরীক্ষার জন্য ডাক পান ১৬ হাজার ৪১৮ জন প্রার্থী।
এদের মধ্যে ৩ হাজার ৫৬৭জনকে উত্তীর্ণ ঘোষণা করে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে কর্ম কমিশন। চলতি বছরের ফেব্র"য়ারি মাসে স্বাস্থ্য পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সংস্থাপন মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে স্থগিত করা হয়। পরে ৭ এপ্রিল থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু হলেও ১৮ এপ্রিল তা স্থগিত করে সংস্থাপন মন্ত্রণালয়।
২৭তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, দলীয় করণ, আর্থিক লেনদেন, স্বজনপ্রীতিসহ নানা অনিয়মের অভিযোগ আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/ইএইচবি/এএইচডি/এমআরএফ/এমএইচএস/জিএনএ/১৯৩০ ঘ.
bdnews24