চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- চট্টগ্রাম--১২ আসনের সাবেক বিএনপি সাংসদ সারোয়ার জামাল নিজামের ছোট ভাই মারুফ নিজামকে গ্রেপ্তারে তার শহর ও গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব।
র্যাব --৭ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান জানান, মারুফ নিজামকে গ্রেপ্তারে তার শহর ও গ্রামের বাড়িতে সোমবার রাতে অভিযান চালানো হলেও তাকে গ্রেপ্তার করা যায়নি।
মারুফ নিজামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে তিনি জানান।
সোমবার রাত ১২ টার দিকে নগরীর চকবাজারের কাপাসগোলায় মারুফ নিজামের বাসায় এবং আনোয়ারা উপজেলায় তার গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়।
এরপর মঙ্গলবার রাতেও মারুফ নিজামের চকবাজারের বাসায় সাদা পোশাকে র্যাব সদস্যরা অভিযান চালায় বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়। তবে এ বিষয়ে কর্নেল হাসিনুর রহমান কিছু জানাতে চাননি।
বিএনপি নেতা জামাল উদ্দিন অপহরণ ও হত্যাকাণ্ডে মারুফ নিজাম জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। যদিও পরে ওই হত্যামামলার অভিযোগপত্র থেকে মারুফ নিজামের নাম বাদ দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এআরএ/এমএআর/এমআই/২২৪৩ ঘ.
bdnews24