গুয়াহাটি, ভারত, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরায় প্রবেশের সময় মঙ্গলবার দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরী বাহিনী বিএসএফ।
তবে বিএসএফ বা ত্রিপুরার পুলিশ তাদের পরিচয় গোপন রেখেছে।
ত্রিপুরা বিএসএফ--এর ইন্সপেক্টর জেনারেল জে. খান বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমকে বলেন, "আমরা দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছি এবং তারা নিজেদের আওয়ামী লীগের সিনিয়র নেতা বলে পরিচয় দিয়েছেন। আমরা তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।"
ত্রিপুরা পুলিশ প্রধান কুমার ত্রিশুলধারি সিং বলেন, "গ্রেপ্তারকৃতদের পরিচয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে এটুকু বলতে পারি বিএসএফ এখনো রাজ্য পুলিশের হাতে তাদের হস্তান্তর করেনি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতদের একজন সাবেক সাংসদ ও যুব লীগের সাধারণ সম্পাদক মির্জা আজম এবং অপরজন যুব লীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক।
গত কয়েক দিনে বাংলাদেশে বড় ধরনের ধর--পাকড়ের কারণে এই দুই নেতা ভারতের ত্রিপুরা উদ্দেশে পালিয়ে আসে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত এই দুই নেতাকে বর্তমানে ত্রিপুরার সোনামুড়ার বুক্সানগর বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএমটি/টিএইচ/এমএইচবি/১৯৪৪ ঘ.
bdnews24