ভোলা, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. জহুরুল হক শাহীনকে ঘুষের এক হাজার টাকাসহ সোমবার রাত ১০ টায় যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। রাতেই তাকে দৌলতখান থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, মামলা করার জন্য মেডিক্যাল সার্টিফিকেট দিতে ডা. শাহীন দৌলতখানের মো. আলম নামে জনৈক ব্যক্তির কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। পরে এক হাজার টাকায় তাদের মধ্যে সমঝোতা হয়। বিষয়টি যৌথবাহিনীকে জানানো হয়।
রাত ১০টার দিকে টাকা লেনদেনের পর টাকাসহ ডাক্তারকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
ভোলার পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
যৌথবাহিনীর সদস্যরা তাকে আটক করে রাতেই দৌলতখান থানায় হস্তান্তর করে।
এ ব্যাপারে মো. আলম বাদী হয়ে ডা. জহুরুল হক শাহীনের নামে দুর্নীতি দমন আইনে দৌলতখান থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৬৫০ ঘ.
bdnews24