গাড়ি চাপায় কিশোরের মৃত্যু, উদ্ধার তৎপরতায় এসে পুলিশ নিহত
সন্ধ্যার আবছায়ায় ১২ বছরের হাফিজুর রহমানকে চাপা দিয়ে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। কিশোরটি মারা যায় সেখানেই।
পুলিশ এসে পিকআপটি ক্রেন দিয়ে রাস্তায় তোলার পর দ্রুতগতিতে একটি ট্রাক এসে আছড়ে পড়ে সেটির ওপর। পিকআপটি উল্টে গিয়ে পড়ে পাশে দাঁড়ানো পুলিশের উপপরিদর্শক আবুল হাসান মোল্লার ওপর। হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।
রোববার সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার তৈয়ব আলী বটতলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
হাফিজুর রহমানের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়ায়। বাবার নাম আব্দুল জব্বার খাান। ফকিরহাট থানার উপ-পরিদর্শক আবুল হাসান মোল্লার (৪০) বাড়ি খুলনার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামে। পিতার নাম আব্দুল গফুর মোল্লা।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল হক জানিয়েছেন, আবুল হাসান মোল্লা ১৯৮৬ সালে কনস্টেবল হিসেবে পুলিশে চাকরি শুরু করেন। পদোন্নতি পেয়ে তিনি উপপরিদর্শক হয়েছেন।
থানা সূত্র জানায়, সন্ধ্যার আগে একটি পিকআপ এক কিশোরকে চাপা দিয়ে খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে ফকিরহাট থানার উপ-পরিদর্শক আবুল হাসান মোল্লা ঘটনাস্থলে যান। পিকআপটি রাস্তায় তোলার পর গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১১-১১১৮) ওটাকে আবার ধাক্কা দেয়। এতে পিকআপটি আবুল হাসান মোল্লার গায়ের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় ফকিরহাট থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ৯টার দিকে তিনি মারা যান।
ট্রাকটি পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে যায়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
