মেহেরপুরে চরমপন্থী নেতা গ্রেপ্তার
মেহেরপুরে চরমপন্থী সংগঠন নিউ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা বিদ্যুৎকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার মানুষের কাছে ত্রাস ছিলেন এবং পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) দল ভেঙ্গে নিউ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (লালযুদ্ধ) গঠন করেন।
পুলিশ জানায়, দুপুর ২ টার দিকে বিদ্যুৎ শহরের যাদবপুর ঘাট এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার জয়েন উদ্দিন ও টিএমআই জাহাঙ্গীর আরিফ চারপাশ ঘিরে ফেলে বিদ্যুৎকে আটক করে। তার বাড়ি মেহেরপুরের গোপালনগর গ্রামে।
মেহেরপুর পুলিশ সুপার প্রলয় সিং জানান, আটক বিদ্যুৎ মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া এই তিন জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে এ জেলায় ১০ টি হত্যা মামলা আছে। সে দীর্ঘ সাত বছর পালিয়ে ছিল।
