২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদিন লোডশেডিং হচ্ছে এক হাজার মেগাওয়াটের বেশি

সরকার বিদ্যুৎ সাশ্রয়ের নানা পদক্ষেপ নিলেও লোডশেডিং কমছে না। প্রতিদিন গড়ে এক হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী রোববার সারা দেশে ১০০৬ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। গত ২১ মে এই পরিমাণ ছিল ১১৯৪ মেগাওয়াট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 11:47 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বিদ্যুৎ উন্নয়ন বোডের্র (পিডিবি) চেয়ারম্যান মুহাম্মদ খিজির খান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। চাহিদা বাড়লে লোডশেডিংও বাড়ে। মে মাসের মাঝামাঝি থেকে আগস্ট পর্যন্ত বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকে। তাছাড়া এখন ১০/১২টি বিদ্যুৎ ইউনিট বন্ধ রয়েছে বলে তিনি জানান।

পিডিবির নিয়ন্ত্রক কক্ষ জানায়, রোববার সারা দেশে ১০০৬ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। ৪৫০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও উৎপাদন হয়েছে ৩৩৫৭ মেগাওয়াট।

শনিবার ৮৪১ মেগাওয়াট লোডশেডিং করা হয়। বিদ্যুতের চাহিদা ছিল ৪৩০০ মেগাওয়াট। আর উৎপাদনের পরিমাণ ছিল ৩৩৪৫ মেগাওয়াট।

পিডিবি জানিয়েছে, গত ২০ মে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ছিল ৩৯৬১ মেগাওয়াট। ওইদিন লোডশেডিংয়ের পরিমাণ ছিল ১১১৮ মেগাওয়াট। ১৯ মে ৩৭৮৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৯১৫ মেগাওয়াট লোডশেডিং করা হয়। ২৩ মে লোডশেডিংয়ের পরিমাণ ছিল ১০৫৬ মেগাওয়াট। ওইদিন চাহিদা ছিল ৩৯৫৯ মেগাওয়াট।

এছাড়া ২৪ মে ৯০৫ মেগাওয়াট এবং ২৫ মে ১০৫৮ মেগাওয়াট লোডশেডিং করা হয়।

পিডিবির কর্মকর্তারা জানান, সন্ধ্যায় দোকানপাট, বিপণিবিতানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও সরকারি প্রতিষ্ঠানে বৈদ্যুতিক বাতি নিভিয়েও লোডশেডিং কমানো যাচ্ছে না। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার কারণেই লোডশেডিং বাড়ছে বলে জানান তারা।

২৪ মে’র তথ্য অনুযায়ী কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫০ মেগাওয়াট উৎপাদনক্ষম একটি ইউনিট পানির অভাবে চালানো যাচ্ছে না। ৫০ ইউনিটের অপর একটি ইউনিটে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এছাড়া শিকলবাহা, ঘোড়াশাল, আশুগঞ্জ, হরিপুর, শাহজীবাজার, খুলনা, বাঘাবাড়ি ও বড়পুকুরিয়াসহ বিভিন্ন কেন্দ্রের বেশ কয়েকটি ইউনিটেও মেরামতের কাজ চলছে।

এদিকে প্রচণ্ড গরম আর লোডশেডিংয়ে এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। অনেক এলাকায় রাতের মতো দিনেও কয়েকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজধানীর কোনো কোনো এলাকায় দিন-রাত মিলিয়ে ৭/৮ বার লোডশেডিং হচ্ছে। মফস্বলের অবস্থা আরো করুণ। কোনো কোনো অঞ্চলে দিন ও রাতের অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকছে না।