২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় দুই মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানসহ নিহত ৯

ফেনী, সিলেট, শ্রীমঙ্গল ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মুক্তিযোদ্ধা, এক ইউপি চেয়ারম্যানসহ নয়জন নিহত এবং কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন। (আরও তথ্যসহ-২)

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 08:57 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ফেনী প্রতিনিধি জানান, রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুলের কাছে চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী দোয়েল পরিবহনের যাত্রী বোঝাই একটি বাসের সঙ্গে একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় বাসটির তিন যাত্রী ঘটনাস্থলেই ও পরে হাসপাতালে আরও দুইজন মারা যান। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, চট্টগ্রামের লালখান বাজার এলাকার বাসিন্দা আবদুল হালিমের স্ত্রী লাভলী আক্তার, ফেনী সদর উপজেলার পাচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের গিয়াসউদ্দিন এবং ছয় মাস বয়সী শিশু মাহিন উদ্দিন হৃদয়।

আহত ২৩ জনকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদের মধ্যে খোকন, সাদেক মিয়া, আনোয়ার, আবদুল লতিফ ও দুলালের অবস্থা আশঙ্কাজনক।

ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে ট্রাক বা ট্রাক চালককে আটক করা যায়নি।

সিলেট প্রতিনিধি জানান, সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট উপজেলার সড়কের বাজার এলাকায় বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুই মুক্তিযোদ্ধা নিহত ও ৮ জন আহত হয়েছেন।

কানাইঘাট থানার উপপরিদর্শক জালাল উদ্দিন বলেন, রোববার সকাল সাড়ে ৯টার দিকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পো যাত্রী মুক্তিযোদ্ধা বখই মিয়া (৭০) ও রফিকুল হক (৭৪) ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শামসুদ্দিন চৌধুরী (৭৫), মুক্তিযোদ্ধা আবদুল খালিক (৬০), মুক্তিযোদ্ধা আবদুল করিম (৫৫), আয়েশা বেগম (২৭), আব্দুল কাইউম (৭০), মুহিবুর রহমান (৬৫), রফিকুল হক (৬৫) ও আকরাম হোসেন (১৪) আহত হন। এদের মধ্যে তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জালাল উদ্দিন জানান, পুলিশ বাস ও টেম্পোটি আটক করেছে। মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা সংগঠনের কাজে কানাইঘাট উপজেলা সদরে যাচ্ছিলেন বলে জানান তিনি।

শ্রীমঙ্গল প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার রাতে ঢাকা সিলেট-মহাসড়কের শ্রীমঙ্গল শহরতলীর শাহজিবাজার এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মো. আব্দুল্লাহ (৪০) রোববার বিকেলে মারা গেছেন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে আসা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে রোববার বিকেলে যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে নুরজাহান বেগম (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, বাসটি মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বৃদ্ধা নূরজাহান বেগম ঘটনাস্থলেই মারা যান।