সাভারে বিএনপি নেতার অত্যাচার থেকে মুক্তি চায় এলাকাবাসী
সাভার উপজেলা বিএনপির সভাপতি এবং তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামালউদ্দিন সরকারকে ভূমিদস্যু ও সন্ত্রাসী আখ্যা দিয়ে তার কবল থেকে মুক্তি চেয়েছে ওই এলাকার মানুষ।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তেতুলঝোড়া ইউনিয়নের বাসিন্দারা অভিযোগ করেন, জামালউদ্দিন সরকার এবং তার ভাই আমান সরকার ও রেজাউল সরকারের বাহিনী ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যৌথবাহিনী গত ৬ ফেব্রুয়ারি জামাল সরকারকে গ্রেপ্তার করলেও জামিনে বেরিয়ে এসে তিনি আবার বাহিনী নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন।
তাদের অভিযোগ, গ্রেপ্তারের পর জামাল সরকারের বিরুদ্ধে সাভার থানায় বেশ কয়েকটি এজাহার দায়ের করা হলেও পুলিশ মামলা নথিভুক্ত করতে গড়িমসি করে। পরে এলাকাবাসীর চাপে দুটি মামলা নেয়।
ওই মামলার সুষ্ঠু তদন্ত এবং আসামীদের গ্রেপ্তারে তত্ত্বাবধায়ক সরকারের সুদৃষ্টি চেয়েছেন তেতুলঝোড়াবাসী।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জামাল সরকার বালু উত্তোলনের নামে বংশী নদীর আশপাশের আবাদী জমি ও ভিটে বাড়ির নিচ থেকে বালু সরিয়ে নেওয়ায় কয়েকশ’একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে পাঁচ শতাধিক পরিবার সর্বস্বান্ত হয়ে গেছে।
এলাকাবাসী জানান, জামাল সরকারের সন্ত্রাসী বাহিনী ১৯৭৪ সালে সাভারের নালিয়াসুর গ্রামের বাবুলকে গুলি করে হত্যা করে। ১৯৮১ সালে হরিণধরা গ্রামের মহিউদ্দিন হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। আট বছর কারাভোগের পর তিনি মুক্তি পান। পরে ২০০৩ সালের ইউপি নির্বাচনে তার হয়ে কাজ না করার জন্য রহিজ উদ্দিন নামে আরও এক ব্যক্তিকে হত্যা করেন।
তেতুলঝোড়াবাসী আরও জানান, ৬ ফেব্রুয়ারি যৌথবাহিনীর সদস্যরা জামাল সরকারকে গ্রেপ্তার এবং হেমায়েতপুর বাসস্ট্যান্ডে অবৈধভাবে গড়ে তোলা লালন টাওয়ারের একাংশ ভেঙ্গে দেয়। তাকে গ্রেপ্তারের পর এলাকাবাসী সাভার থানায় কমপক্ষে ১০টি অভিযোগ দায়ের করলেও পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করেনি। পরে এলাকাবাসীর চাপের মুখে ২৫ মে দুটি মামলা নথিভুক্ত করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঝাউচর গ্রামের আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন আবু মিয়া, শরীফুল ইসলাম, বাহাদুর মিয়া, আব্দুল করিম এবং শাহাবুদ্দিন প্রমুখ।
