২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতার জামিন দাবিতে বিচারকের বাসায় গিয়ে জঙ্গিদের হুমকি

দলের জেলা কমান্ডার জসিম উদ্দিনের জামিন দাবিতে বিচারকের বাসায় গিয়ে হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদের এক দল কর্মী। শুক্রবার কিশোরগঞ্জ আমলি আদালতের বিচারক আবু তাহের সাঈদের বাসায় গিয়ে এ হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছেন। তবে রোববার ওই বিচারকই হিজবুত তাওহীদের জেলা কমান্ডার জসিম উদ্দিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 04:56 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

গত ২৪ মে কিশোরগঞ্জ শহরের হয়বতনগর এলাকার একটি বাসা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ থানা পুলিশ। ওই দিনই জরুরি ক্ষমতা বিধিমালায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। সে মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার আদালতে রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা সদর থানার উপ পরিদর্শক মাইন উদ্দিন। তখন বিচারক আবু তাহের সাঈদ তা মঞ্জুর করেন।

আদালতে শুনানি চলাকালেই ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জানান, শুক্রবার দুপুরে ৭/৮ জনের একটি দল তার বাসায় ঢুকে নিজেদের হিজবুত তাওহীদের কর্মী বলে পরিচয় দিয়ে জঙ্গি নেতা জসিম উদ্দিনের জামিন দাবি করে। নয়তো ভয়াবহ পরিণতি হবে বলে হুমকি দিয়েই কেটে পড়ে তারা।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে থানায় খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের পায়নি।

ওই হুমকির পর আদালতে নিরাপত্তা জোরদার করা হয় বলে জানিয়েছেন আবু তাহের সাঈদ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ ফজলুল করিম বলেন, “হুমকিদাতা ওইসব জঙ্গিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।