২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সারোয়ার ,আলতাফের ব্যাংক হিসাবের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে প্রেরণ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশে একটি বেসরকারি ব্যাংক বরিশালের মেয়র মজিবর রহমান সরোয়ার, সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ্র ছেলে মঈন আবদুল্লাহর ব্যাংক হিসাবের তথ্য ঢাকায় পাঠিয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 07:33 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ বৃহস্পতিবার খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান কোকো, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মজিবর রহমান সরোয়ার, সিলেটের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটল, সাবেক সাংসদ সাজেদা চৌধুরী ও ব্যবসায়ী মুসা বিন সমসেরসহ ২৪ জনের ব্যাংক হিসাব চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠায়।

ন্যাশনাল ব্যাংকের বরিশাল সদর রোড শাখার প্রধান বিনয় কুমার শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে ন্যাাশনাল ব্যাংকের প্রধান শাখা থেকে ২৪ জনের তালিকা পাঠিয়ে তাদের অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়েছে। বরিশাল সদর শাখায় ওই তালিকার মধ্যে সিটি মেয়র মজিবর রহমান সরোয়ার, সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর ও সাবেক চীফহুইপ আবুল হাসানাত আবদুল্লাহ্র ছেলে মঈন আবদুল্লাহর অ্যাকাউন্ট রয়েছে।

তিনি জানান, ওই ৪ জনের ব্যাংক অ্যাকাউন্টের আংশিক তথ্য বৃহস্পতিবারই ব্যাংকের ঢাকা অফিসে পাঠানো হয়েছে। বাকি তথ্য রোববার পাঠানো হবে।

তিনি আরো জানান, বাংলাদেশ ব্যাংক থেকে গত বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের কেন্দ্রীয় শাখায় টেলিফোন করে জরুরী ভিত্তিতে ওই ২৪ জনের ব্যাংক হিসাব জানতে চাওয়া হয়। ন্যাশনাল ব্যাংকের কেন্দ্রীয় শাখা থেকে ওইদিনই ২৪ জনের নামের তালিকা ফ্যাক্সের মাধ্যমে ব্যাংকের বরিশাল সদর শাখায় পাঠিয়ে দেওয়া হয়।

তালিকায় আরও যাদের নাম রয়েছে তারা হলেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহীর সাবেক সাংসদ নাদিম মোস্তফা, মাদারীপুরের সাবেক সাংসদ নূর ই আলম চৌধুরী লিটন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. এমএ হাদি, সাবকে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহামুদ ইকবাল, পিডিবির সাবেক উপ প্রকৌশলী জাফরুল হাসান, সাজেদা চৌধুরীর ছেলে সাজিদ আকবর, কামাল আহমেদ মজুমদারের ছেলে জুয়েল, হাজী মকবুলের ছেলে মাছুদ, আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মইন আবদুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দিপু চৌধুরী, খন্দকার দেলোয়অর হোসেনের ছেলে আক্তার হামিদ খান পবন, অ্যাডভোকেট রহমতউল্লাহর ছেলে হেদায়েত উল্লাহ।