‘দরিদ্র নন’ কিন্তু খাদ্য দারিদ্র্যে ভুগছেন ৩ কোটি ৬০ লাখ মানুষ
সরকারের হিসাবে দরিদ্র নন এমন ৩ কোটি ৬০ লাখ মানুষ খাদ্য দারিদ্র্যে ভুগছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা কেন্দ্রের এক যৌথ গবেষণাপত্রে শনিবার এ তথ্য প্রকাশ করা হয়। গবেষণায় দেখা যায়, দেশের ৫৯ দশমিক ৫১ শতাংশ নারী এবং ৫৮ দশমিক ৭১ শতাংশ পুরুষ তাদের চাহিদামাফিক খাদ্য পাচ্ছেন না। ধনী পরিবারের সদস্যরা তাদের ক্যালরি চাহিদা মেটান দামি খাবার থেকে এবং গরিবরা তুলনামূলক সস্তা খাবার থেকে। যে সব পরিবার দারিদ্র্যের কারণে চাহিদার তুলনায় কম ক্যালরি নেয়, আয় বাড়লে তারা অতিরিক্ত টাকা খাবারের পিছনে খরচ না করে অন্যান্য খাতে ব্যয় করে।
রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘ক্যাপচারিং ইন্ট্রা হাউজহোল্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড পোভার্টি ইনসিডেন্স: এ স্টাডি অন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে ওই গবেষণা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক ড. সেলিম রায়হান বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বিশ্বব্যাংক ‘পরিবার’ কে একক ধরে দারিদ্র্যের সূচক নির্ধারণ করে। কিন্তু একটি পরিবারের প্রত্যেক সদস্যের ক্যালরি চাহিদা এবং সম্পদের পরিমাণ আলাদা। ফলে দারিদ্র্য সম্পর্কিত গবেষণার ক্ষেত্রে পরিবারের পাশাপাশি পরিবারের সদস্যদের তথ্যও আলাদাভাবে আমলে আনা জরুরি।
তিনি জানান, দারিদ্র্যসূচক এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্পদের বন্টন- এই দুইয়ের মধ্যে সম্পর্কের ধরন বোঝার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো ও কানাডার আন্তর্জাতিক উন্নয়ন কেন্দ্র (আইডিআরসি) ২০০৪ সালে বাংলাদেশের বিভিন্ন গ্রাম ও শহরের ১০৩৯টি পরিবারের ওপর একটি জরিপ চালায়। গবেষণা শেষে দেখা যায় দেশের মোট ৯ কোটি ৮ লাখ মানুষ খাদ্য দারিদ্র্যে ভুগছেন। এর মধ্যে ৩ কোটি ৬০ লাখ মানুষ আছেন যারা সরকারের হিসেবে দরিদ্র শ্রেণীভুক্ত নন।
তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো (বিবিএস) ও বিশ্বব্যাংকের দারিদ্যের সূচক কতটুকু বাস্তবসম্মত তা পর্যালোচনা করাই ছিল এই জরিপের মূল উদ্দেশ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরোর সভাপতি অধ্যাপক এমএ তসলিম বলেন, ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে দারিদ্র্যের হার কমেছে কিন্তু এই সময়ের মধ্যে জনগণের ক্যালরি গ্রহণের হারও কমেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশ্বব্যাংকের ঢাকা শাখার সিনিয়র অর্থনীতিবিদ ড. হাসান জামান, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ড. কাজী মেসবাহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, বজলুল হক খন্দকার ও ইসমাইল হোসেন।
