নতুন র্যাঙ্ক পরেছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান
নতুন র্যাঙ্ক পরেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর পদোন্নতি পাওয়া তিন প্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, শনিবার সকালে সশস্ত্র বাহিনী বিভাগে সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান নতুন র্যাঙ্ক পরেন। এ সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী প্রধানকে নৌ ও বিমান বাহিনী প্রধান, নৌ বাহিনী প্রধানকে সেনা ও বিমান বাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধানকে সেনা ও নৌ বাহিনী প্রধান র্যাঙ্ক পরিয়ে দেন।
এর আগে সকালে সেনাবাহিনীর সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের উপস্থিতিতে মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, মেজর জেনারেল মোহাম্মদ জাহাংগীর আলম চৌধুরী ও মেজর জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্ক এবং ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মোহাম্মদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. আসহাব উদ্দিন ও ব্রিগেডিয়ার জেনারেল একেএম মুজাহিদ উদ্দিনকে মেজর জেনারেল র্যাঙ্ক পরিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার তিন বাহিনী প্রধানের পদবি উন্নীত করে সরকার। সেনাবাহিনী প্রধানকে লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল, নৌবাহিনী প্রধানকে এডমিরাল থেকে ভাইস এডমিরাল এবং বিমান বাহিনী প্রধানকে এয়ার ভাইস মার্শাল থেকে এয়ার মার্শাল পদে উন্নীত করা হয়।
এ সময় নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার (পিএসও), সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) মেজর জেনারেল মোহাম্মদ জাহাংগীর আলমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনাবাহিনীর কোয়ার্টার মার্স্টার জেনারেল (কিউএমজি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট মেজর জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল করা হয়।
একইসঙ্গে প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের (ডিজিএফআই) উপ মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মোহাম্মদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে একই বিভাগের মহাপরিচালক এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. আসহাব উদ্দিনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে নবম পদাতিক ডিভিশনের জিওসি নিয়োগ করা হয়।
এছাড়া কম্পোজিট ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম মুজাহিদ উদ্দিনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ করা হয়।
