সাফটা বাস্তবায়নে রাজনৈতিক মানসিকতাই প্রধান সমস্যা
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (সাফটা) চুক্তি বাস্তবায়িত না হওয়ায় কারণ হিসেবে রাজনৈতিক মানসিকতাকেই প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ ব্যবসায়ী নেতারা।
ব্যবসায়ীরা এ চুক্তি বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং নেতিবাচক পণ্যের তালিকাসহ বিভিন্ন শুল্ক ও অশুল্ক বাধা দূর করার জন্য সার্কভুক্ত দেশেগুলোর সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর ৩৯ তম নির্বাহী কমিটির সভা শেষে এফবিসিসিআই এর সভাপতি মীর নাসির হোসেইন সাংবাদিকদের বলেন, “আঞ্চলিক বাণিজ্য থেকে সর্বাধিক সুবিধা পেতে হলে আমাদের রাজনৈতিক মানসিকতার পরিবর্তন আনতে হবে।”
২০০৬ সালের ১ জুলাই সাফটা চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়।
সার্ক চেম্বারের সভাপতি ভুটানের দাসাহু উজেন সেচুপ দর্জির সভাপতিত্বে মেঘনা নদীতে স্টিমার অস্ট্রিচে শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শুক্রবার এসসিসিআই এর নির্বাহী কমিটির সভায় সার্কভুক্ত আটটি দেশের ব্যবসায়ী নেতারা সাফটা আন্দোলনকে এগিয়ে নেওয়াসহ সার্ক চেম্বারকে শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেন।
নাসির হোসাইন বলেন, “আমরা ব্যবসায়ীরা সবসময়ই আঞ্চলিক বাণিজ্য সুবিধা বাড়ানোর পক্ষে মত দিয়ে এসেছি। কিন্তু দেশের সরকার যখন বসে থাকে তখন কিছুই করার থাকে না।”
তিনি বলেন, বিশ্বের অন্য আঞ্চলিক সংস্থাগুলো অন্তঃবাণিজ্যের দিক দিয়ে অনেক এগিয়ে গেছে। কিন্তু সার্কভুক্ত দেশগুলোতে দেড়শকোটিরও বেশি লোক বাস করলেও এসব দেশের মোট বাণিজ্যের মাত্র ৫ শতাংশ হয় নিজেদের ভেতরে।
সার্ক চেম্বারের সভাপতি দাসাহু উজেন সেচুপ দর্জি বলেন, “ সার্ক চেম্বারকে কীভাবে আরো শক্তিশালী করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি। সার্ক চেম্বার সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনায় এসেছে। এজন্য ইসলামাবাদে একখণ্ড জমিও পাওয়া গেছে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ সার্ক চেম্বারের বয়স মাত্র ১৩ বছর। একে কার্যকর করতে আরও সময় দরকার।”
অন্যদের মধ্যে ভারতের বাণিজ্য ও শিল্প ফেডারেশনের বিকে বাজোরিয়া এবং পাকিস্তানের বাণিজ্য ও শিল্প ফেডারেশনের শেখ জামিল মাহবুব মাগুন সভায় বক্তব্য রাখেন।
