২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় নাদিম মোস্তফার বিরুদ্ধে অভিযোগপত্র

রাজশাহীর সাবেক সাংসদ নাদিম মোস্তফার বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় অভিযোগপত্র দিয়েছে দুর্গাপুর থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 08:32 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

দুর্গাপুর থানার উপ--পরিদর্শক গোলাম মোহাম্মদ গত ১৮ মে জেলা প্রথম শ্রেণীর মেজিস্ট্রেট আদালতে ওই অভিযোগপত্র দেন।

নাদিম মোস্তফার দলের কর্মীদের হামলায় আহত সেকেন্দার আলী চাঁদাবাজি ও ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে এ বছর ২৪ এপ্রিল মামলাটি দায়ের করেন।

মামলার অন্য অভিযুক্তরা হলেন, দুর্গাপুর পৌরসভার চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান মন্টু, বিএনপি নেতা মমিনুর রহমান, এনামুল হক, শাহীন, তুহিন, শামসুল, গাফ্ফার, মন্টু, আবু বাক্কার, আনসার, আকতারুজ্জামান লাবু, কাজী, আলিফ, চঞ্চল, বাবলু,  হুদা ও জাকের।

অভিযোগ পত্রের বরাত দিয়ে উপ--পরিদর্শক গোলাম মোহাম্মদ জানান, ২০০৩ সালের ১৪ জুলাই মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন নাদিম মোস্তফার নির্দেশে পৌর চেয়ারম্যান সাইদুর রহমান মন্টু ও মমিনুর রহমানসহ অভিযুক্তরা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা হাসান ইমাম ফারুকের (সুমন) কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে তারা সুমনের সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়। বাদী সেকেন্দার আলী ও তার ভাই জামাল এই ঘটনার প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাদের মারধর করে।

গোলাম মোহাম্মদ জানান, নাদিম মোস্তফা বর্তমানে পলাতক রয়েছেন।