২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ দিন পর সন্দেহভাজন চোর ধরে পুলিশের সংবাদ সম্মেলন

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে আছে দাবি করে ঢাকা মহানগরীর পুলিশ প্রধান নাইম আহম্মেদ বলেছেন, অপরাধ সংঘটিত হয়েছে ঠিকই, কিন্তু ঘটনার পরপরই অপরাধী গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ভারতের ডেপুটি হাইকমিশনারের বাসায় চুরি ঘটনার জড়িত সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার পুলিশ কমিশনার একথা বলেন।

গত মাসের ২৯ তারিখ ডেপুটি হাইকমিশনার সর্বজিৎ চক্রবর্তীর বারিধারার বাড়িতে গ্রিল কেটে চোর ঢুকে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। মঙ্গলবার খুলনা থেকে সন্দেহভাজন চোর আইয়ুব আলীকে এবং বুধবার ভোররাতে টঙ্গী থেকে আমীর হোসেন নামের আরেক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সম্প্রতি চারটি চাঞ্চল্যকর অপরাধের ঘটনা (ঝুট ব্যবসায়ী মনসুর মল্লিক হত্যা, ওয়ারিদ টেলিকমের প্রদশর্ণী কেন্দ্রে গুলি মিরপুরে শাওন হত্যা এবং হোটেল পল্টন প্যালেসে গোলাগুলি) উল্লেখ করে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, “প্রতিটি ঘটনার পরপরই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।”   

তবে যাত্রাবাড়িতে জোড়া খুন এবং সদরঘাটে নৌবিহারে যাওয়া ১০ যাত্রীর মৃত্যুর বিষয়ে পুলিশ কমিশনার কিছু বলেননি।

রাজধানীর থানাগুলোতে মামলার পরিমাণ বেড়ে যাওয়ার ব্যাপারে নাইম আহম্মেদ বলেন, “এর আগে যারা মামলা করার সাহস বা সুযোগ পায়নি তারা এখন সবাই মামলা করার কারনে মার্চ মাসে মামলার পরিমাণ বেড়ে গেছে।”

৩০ মে জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি পালনের অনুমতির বিষয়ে প্রশ্ন করা হলে এই পুলিশ কর্মকর্তা বলেন, “এখন পর্যন্ত অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অনুমতি দেওয়ার সময়ও পার হয়ে যায়নি।”