২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনের দুর্নীতি মামলায় স্ত্রীর সাক্ষ্য নেয়নি বিশেষ আদালত

বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় তার স্ত্রীর শাহিনা ইয়াসমিনের সাক্ষ্য নেয়নি আদালত। বুধবার সংসদ ভবনে বিশেষ জজ আদালত-- ৫ এর বিচারক মোহাম্মদ আশরাফ হোসেনের আদালতে মামুনের আইনজীবী মো. ফকরুল ইসলাম বলেন, একে অপরের বিরুদ্ধে মামলা না করলে আইনগতভাবে স্বামীর বিরুদ্ধে স্ত্রী বা স্ত্রীর বিরুদ্ধে স্বামী সাক্ষ্য দিতে পারেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 03:44 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

এ কারণে সাক্ষীর তালিকা থেকে শাহিনা ইয়াসমিনের নাম বাদ দেওয়ার আবেদন জানান তিনি।

বিচারক এ ব্যাপারে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেন।

এর আগে সকাল ১১টার দিকে মামুনের বিরুদ্ধে দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে আদালতে আসেন শাহীনা ইয়াসমিন। এ সময় মামুন কাঠগড়ায় দাঁড়িয়ে একদৃষ্টে তাকিয়ে ছিলেন স্ত্রীর দিকে।

আইনজীবী মো. ফকরুল ইসলাম এ সময় শাহীনা ইয়াসমিনের সঙ্গে মামুনের কথা বলার সুযোগ দেওয়ার আবেদন জানালেও আদালত তা নাকচ করে দেন।

মঙ্গলবার একই আদালতে মামলাটির বাদী দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আখতার হামিদ ভূঁইয়া ও মাঠকর্মী আখেরুজ্জামানের সাক্ষ্য নেওয়া হয়। তবে শাহিনা ইয়াসমিন অসুস্থ থাকায় বুধবার তার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন বিচারক।

গত ১৪ মে এই মামলার অভিযোগ গঠনের পর ১৭ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। কিন্তু গিয়াসউদ্দিন আল মামুন অসুস্থ থাকায় সাক্ষ্য নেওয়ার তারিখ পিছিয়ে মঙ্গলবার ধার্য করা হয়।

১৮ ফেব্র“য়ারি দুর্নীতি দমন কমিশন ৫০ জন ‘দুর্নীতিবাজ’ এর একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে তাদের স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দেয়। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আখতার হামিদ ভূঁইয়া মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।