২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৫ সালে ঝিনাইদহের প্রতি শিক্ষার্থী উপবৃত্তির ৩৫২ টাকা কম পেয়েছে: জরিপ

সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ৭৭ ভাগ শিক্ষার্থীদের ২০০৫ সালে উপবৃত্তির ৩২ লাখ ৫৭ হাজার ৮৮ টাকা কম দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 09:11 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় ঝিনাইদহ সচেতন নাগরিক কমিটি (সনাক) পরিচালিত ২০০৫ সালের এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সচেতন নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঝিনাইদহ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা বিষয়ক ওই জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়।

সচেতন নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট শেখ সেলিম বলেন, সরকার নির্ধারিত টাকার থেকে ২০০৫ সালে ৭৭ ভাগ শিক্ষার্থী জনপ্রতি গড়ে ৩৫২ টাকা কম পেয়েছে। এ টাকার মোট পরিমাণ হচ্ছে ৩২ লাখ ৫৭ হাজার ৮৮ টাকা। শতকরা ৬ ভাগ শিক্ষার্থীকে উপ--বৃত্তির টাকা পেতে গড়ে ১৬ টাকা করে ঘুষ দিতে হয়েছে। ৬৬ ভাগ শিক্ষার্থীর উপ--বৃত্তির এই ঘুষের টাকা স্কুল কর্তৃপক্ষ বিনা কারণে কেটে রাখে।

প্রতিবেদনে বলা হয়, ১৭টি খাতে তিন টাকা থেকে ৩৫ টাকা পর্যন্ত ফি নেওয়া হয়েছে যা অবৈধ। এই ফি নেওয়ার খাতগুলোর মধ্যে রয়েছে ভর্তি ফি, মাসিক বেতন, পরীক্ষার ফি, বিনামূল্যে বই দেওয়া বাবদ ফি, বার্ষিক খেলাসহ অন্যান্য ও বিবিধ খাত ইত্যাদি। এই ফি নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ কোনো প্রকার রশিদ প্রদান করেননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ঝিনাইদহ সদর উপজেলা সরকারি প্রাথমিক স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আব্দুল্লা টিআইবি’র প্রতিবেদর্ন প্রত্যাখ্যান করে বলেন, উপ--বৃত্তির টাকা শিক্ষকরা দেন না। ব্যাংক কর্মকর্তারা মাস্টাররোলে স্বাক্ষর করার পর ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের হাতে দিয়ে থাকেন।

তিনি আরও জানান, খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান করার জন্য সরকার কোনও অনুদান দেয় না।