মধ্য জুন থেকেই ঢাকা--কলকাতা ট্রেন সার্ভিস শুরু করতে চায় ভারত
ঢাকা থেকে কলকাতায় সরাসরি ট্রেন সার্ভিস জুনের মাঝামাঝি থেকে চালুর প্রস্তাব দিয়েছে ভারত। আপাতত প্রতিদিনের পরিবর্তে সপ্তাহে একদিন, সম্ভব হলে রোববার একটি ট্রেন চলাচলেরও প্রস্তাব দিয়েছে প্রতিবেশী দেশটি। ভারতীয় দূতাবাস থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার পাঠানো এক চিঠিতে এসব প্রস্তাব দেওয়া হয়।
এর আগে গত এপ্রিলে বাংলাদেশ ও ভারতের বিশেষজ্ঞ দল জুন--জুলাই থেকে সপ্তাহে প্রতিদিন ঢাকা--কলকাতার সরাসরি ট্রেন চালুর ব্যাপারে একমত হয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশীয় অঞ্চলের ডেস্কের মহা পরিচালক মাহবুব--উজ--জামানের কাছে ভারতীয় দূতাবাসের পক্ষে ডি এন শ্রীবাস্তব স্বাক্ষরিত চিঠিটির প্রস্তাবনায় বলা হয়েছে, ওই রুটে সপ্তাহে একদিন ট্রেন চলাচল করবে। এতে থাকবে চার থেকে পাঁচটি বগি। আর ট্রেনটিতে যাত্রী থাকবেন ২৫০ জন।
ভারতের গেদে স্টেশনে বর্তমান অবকাঠামো এবং জনবলের অপর্যাপ্ততার কারণে সপ্তাহে প্রতিদিনের পরিবর্তে একদিন ট্রেন সার্ভিস চালু করা যেতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে। তবে অবকাঠামোগত উন্নয়ন ও জনবল বৃদ্ধি করা গেলে সাপ্তাহিক এই ট্রেন সার্ভিসকে দৈনিকে রূপান্তরের প্রস্তাবও দেওয়া হয়েছে সেখানে।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “আমরা চেয়েছিলাম জুলাই মাস থেকে পূর্ণাঙ্গরূপে ঢাকা--কলকাতার মধ্যে ট্রেন সার্ভিস চালু হোক। তবে তারা (ভারত) এর আগেই স্বল্প পরিসরে সার্ভিসটি চালু করতে চায়।”
তিনি আরও বলেন, ট্রেন চলাচলের ব্যাপারে অনিশ্চয়তার কোনো সুযোগ নেই। দুই পক্ষ বসে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
