ভাষাসৈনিক ইঞ্জিনিয়ার নুরুল হুদার মৃত্যু
ভাষা সৈনিক ইঞ্জিনিয়ার নূরুল হুদা মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
ভাষা আন্দোলনে অন্যতম সংগঠক নুরুল হুদা কয়েক মাস ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। সম্প্রতি একটি অস্ত্রপচারের পর কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল।
বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে গঠিত বিভিন্ন কমিটির সঙ্গে জড়িত ছিলেন ইঞ্জিনিয়ার নূরুল হুদা। ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে তমদ্দুন মজলিসে যোগদানের মাধ্যমে ভাষা আন্দোলনে সক্রিয় হন তিনি। ইঞ্জিনিয়ারিং কলেজে ভাষা--আন্দোলন সংগঠন তৈরি করেন।
মঙ্গলবার আছরের নামাজের পর বনানী জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে ভাষা আন্দোলন মিউজিয়ামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
