২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার অংশগ্রহণে ভোটার তালিকা হলে টাকা দেবে দাতাগোষ্ঠী

ছবিসহ ডিজিটাল ভোটার তালিকায় সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে-- নির্বাচন কমিশনের এ ধরনের আশ্বাসের ভিত্তিতেই বিদেশি দাতাগোষ্ঠী এ প্রকল্পে অর্থ সাহায্য দিতে রাজি হয়েছে। মঙ্গলবার সকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) ২৩টি বিদেশি দাতা সংস্থার সঙ্গে নির্বাচন কমিশনের এক বৈঠকে অর্থ সাহায্য দেওয়ার ব্যাপারে দাতা সংস্থাগুলো আগ্রহের কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 01:48 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রায় আড়াই ঘণ্টার ওই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েন ছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংক ও জাইকার প্রতিনিধিরা।

বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সাংবাদিকদের বলেন, “দাতা গোষ্ঠীর পক্ষ থেকে ছবিসহ ভোটার তালিকা প্রকল্পে অবদান রাখতে চাই। তাছাড়া এটাও চাই যে, যত দ্রুত সম্ভব একটি সর্বোৎকৃষ্ট ভোটার তালিকা হোক। ”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে বসে ভোটার তালিকা করার যে চিন্তাভাবনা করছে তা ভালো উদ্যোগ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ২০০৮ সালের মধ্যে নির্বাচন হবে। আমরা নির্বাচন অনুষ্ঠানের জন্য কোনো সময়সীমা বেধে দেইনি। ২০০৮ সালের যে  কোনো সময়ে এটি হতে পারে।”

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমরা শুধু চাই বিদেশি দাতা গোষ্ঠী যেন অর্থ সাহায্য দিতে পারে। যারা এ খাতে অংশ নিতে চায় তাদের সবাইকে আমরা স্বাগত জানাই।”

আর্থিক সাহায্যের পরিমাণ কত হবে সে প্রসঙ্গে তিনি জানান, আগামী জুন মাসে নির্বাচন কমিশন একটি চাহিদাপত্র তৈরি করবে। আর এর ওপর ভিত্তি করে দাতা সংস্থা অর্থ সাহায্য দেবে। তবে অর্থ সাহায্য কোন শর্ত সাপেক্ষে হবে না বলেও তিনি জানান।

নির্বাচন কমিশন ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রকল্পের জন্য ৪০০ থেকে সাড়ে ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

তবে বৈঠক সম্পর্কে নির্বাচন কমিশনার মুহাম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের কোনো তথ্য জানাননি।