২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় বিপক্ষে গেলে বিরূপ মনোভাব কাম্য নয়: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন বলেছেন, মামলার ফলাফল বিপক্ষে গেলেও বিরূপ মনোভাব পোষণ করা কাম্য নয়। সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির ছয়বার নির্বাচিত সাবেক সভাপতি শামসুল হক চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, ৮০র দশকের আপোষহীন আইনজীবী নেতা শামসুল হক চৌধুরী বিনম্র ও বিনয়ী ছিলেন। ছাত্র জীবন থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে স্বোচ্চার ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 08:26 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

তিনি বলেন, “ ৮০র দশকে হাইকোর্ট বিভক্তির বিরুদ্ধে আন্দোলনে শত প্রতিকূলতার মধ্যেও তিনি পিছপা হননি। তখন তাকে কারাবরণ করতে হয়েছিল। তবে এই আপোসহীন নেতা আদালতের মর্যাদা রক্ষার জন্য বিনয়ী ছিলেন। মামলার ফলফলে বিপক্ষে গেলেও তিনি বিরূপ মনোভাব পোষণ করতেন না। তবে বর্তমান সময়ে এর ব্যত্যয় দেখা যায়। এটা কাম্য নয়।”

প্রধান বিচারপতি আরও বলেন, মরহুম শামসুল হক চৌধুরী সততা এবং সম্পত্তির প্রতি তার নির্লিপ্ততা ছিল প্রশ্নাতীত। আইনজীবীসহ সকলের জন্য তিনি অনুসরনীয় ব্যক্তিত্ব।

সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলামের সভাপতিত্বে এ স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি খাদেমূল ইসলাম চৌধুরী, আবদুল ওয়াহ্হাব মিয়া, অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, মাহবুবে আলম, সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন।