মীর নাছিরের দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু
বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিন ও তার ছেলে মীর হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে।
জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত--২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে রোববার মামলার বাদি ও এক নম্বর সাক্ষী, দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক শারমিন ফেরদৌসীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
শারমিন ফেরদৌসী তার সাক্ষ্যে বলেন,‘‘১৮ ফেব্র“য়ারি দুর্নীতি দমন কমিশন ৭২ ঘন্টার মধ্যে আসামী মীর নাছির এবং তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা সমস্ত স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসেব জমা দিতে বলে। তিনি ২৫ ফেব্র“য়ারি তার আইনজীবীর মাধ্যমে ২২ কোটি ৫০ লাখ ৬ হাজার ৯শ’ ৯৯ টাকার সম্পত্তির হিসেব দাখিল করেন। কিন্তু কমিশন তার এবং স্ত্রী--সন্তানদের নামে থাকা ২৫ কোটি ৭২ লাখ ২৮ হাজার ৬শ’ ৩৭ টাকার সম্পত্তির খোঁজ পেয়েছে। যার মধ্যে ২৪ কোটি ৩৯ লাখ ২৮ হাজার ৬শ’ ৩৭ টাকার সম্পত্তি অবৈধভাবে আসামীরা উপার্জন করেছেন।”
সাক্ষ্য শেষে আসামী পক্ষের আইনজীবীরা সাক্ষিকে প্রায় দেড় ঘন্টা বিভিন্ন বিষয়ে জেরা করেন। এই মামলায় বাদিসহ মোট ২২ জনকে সাক্ষি করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে আসামীদেরকে সংসদ ভবনের ওই বিশেষ আদালতে হাজির করা হয়।
একই আদালতে গত ১৫ মে মীর নাছির উদ্দিন ও তার ছেলে মীর হেলাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
গত ৬ মার্চ দুর্নীতি দমন কমিশন অজানা পথে সম্পত্তি অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে মীর নাছির ও তার ছেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।
