রাজশাহীতে ঘুষ নেওয়ার অভিযোগে দুই পুলিশের কারাদণ্ড
ঘুষ নেওয়ার অভিযোগে দুই পুলিশের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন রাজশাহী মহানগর দ্রুত বিচার আদালত। বোয়ালিয়া থানার উপ পরিদর্শক মোদাচ্ছের আলীকে তিন বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড এবং শাহ মখদুম থানার উপ--পরিদর্শক সোহেল রানাকে দুই বছর কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১ টায় মহানগর দ্রুত বিচার আদালতের বিচারক এস এম ফজলুল করিম চৌধুরী এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা গেছে, গত ২১ মার্চ বুধবার বিকেল ৫ টার দিকে বোয়ালিয়া থানায় জনৈক নুরুল ইসলামের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় র্যাব-- ৫ এর সদস্যরা উপ--পরিদর্শক মোদাচ্ছের আলী ও সোহেল রানাকে হাতে--নাতে আটক করে। এ সময় মোদাচ্ছেরের কাছ থেকে ২৮ হাজার টাকা ও ছয়টি পাসপোর্ট এবং সোহেল রানার কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় নুরুল ইসলামের চাচাতো ভাই চাঁপাইনবাবগঞ্জের আবদুল হামিদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা করেন।
এদিকে রোববার দুপুরে একই আদালতে ঘুষের অভিযোগে র্যাবের হাতে আটক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডি) উচ্চমান সহকারী সাজেদা খাতুন ও দালাল শফিকুল জামিনের আবেদন জানালে বিচারক এসএম ফজলুল করিম চৌধুরী তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গত ১৬ মে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে উপরোক্ত দুজনকে র্যাব--৫ এর সদস্যরা ঘুষের টাকাসহ আটক করে।
