রাজশাহী মেডিকেল: তদন্ত প্রতিবেদন তিন দিনের মধ্যে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি ও বিনা চিকিৎসায় ৫ রোগীর মৃত্যুর ঘটনা তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান স্বাস্থ্যমন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানান, কমিটি শুক্রবার রাত থেকে তদন্ত শুরু করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় উপ পরিচালক (স্বাস্থ্য) ডা. আতিক ও সহকারী জেলা প্রশাসক (শিক্ষা) সত্যেন্দ্র কুমার।
মোহাম্মদ আব্দুল্লাহ জানান, তারা হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ড পরিদর্শন করে সেখানকার রোগী ও ঘটনার সময় উপস্থিত শিক্ষানবিশ চিকিৎসক শারমীন সোহেলীর বক্তব্য রেকর্ড করেছেন। এছাড়া শনিবার সকালে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ১৪ জন রোগী ও দু’জন পুলিশ সদস্যের সাক্ষাৎকার নিয়েছেন তারা।
চিকিৎসকদের অবহেলায় মৃত সীমা বেগমের ভাতিজি তানজিলা ও শাশুড়ি রিজিয়া খাতুন এবং শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় আহত সাহাবুদ্দিনের বক্তব্যও রেকর্ড করেন তারা।
শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদের, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফজলুর রহমান ও মেডিসিন বিভাগের প্রধান ডা. আজিজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন তদন্ত কমিটির সদস্যরা।
এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের ৩ সদস্যের তদন্ত কমিটিও শনিবার ১৬ নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রার, চিকিৎসক, নার্স, রোগী ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।
বুধবার রাতে রোগীর অভিভাবকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার জের ধরে শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় ওই হাসপাতালের পাঁচজন রোগী বিনা চিকিৎসায় মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ দুই দফা নোটিশ দেওয়ার পর শুক্রবার থেকে শিক্ষানবিশ চিকিৎসকরা কাজে ফিরতে শুরু করেন।
