আপাতত প্রিজন সেলে নেওয়া হচ্ছে না মেয়র মহিউদ্দিনকে
চিকিৎসকেরা ছাড়পত্র না দেওয়া পর্যন্ত চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রিজন সেলে নেওয়া হবে না। শনিবার মেয়রকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে বি ব্লকে নেওয়া হয়েছে।
বিএসএমএমইউর নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, শনিবার দুপুর সোয়া ১২টায় কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য মেয়র মহিউদ্দিনকে বি ব্লকে নেওয়া হয়। পরীক্ষা শেষে আবার তাকে সিসিইউর ১৪ নম্বর বেডে ফিরিয়ে নেওয়া হবে।
উপ মহা-কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “মেয়র একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকেরা সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তাকে প্রিজন সেলে নেওয়া হবে না।”
এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে কবে নাগাদ জামিনে মুক্তি দেওয়া হবে জানতে চাইলে মেজর শামসুল হায়দার সিদ্দিকী বলেন, “জামিনের আদেশ আমার কাছে এখনও আসেনি। হাইকোর্টের দেওয়া আদেশের অনুলিপি আগে চট্টগ্রাম কারাগারে যাবে, এরপর সেখান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসবে। কিন্তু এরপরও জটিলতা রয়েছে। মেয়র মহিউদ্দিন একই সঙ্গে আটকাদেশ পাওয়া আসামী, এটা প্রত্যাহার করা না হলে তো তাকে ছাড়তে পারছি না।”
দেশে জরুরি অবস্থা জারির পর গত ৭ মার্চ মেয়র মহিউদ্দিনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরদিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালত। ৯ মার্চ মেয়রকে বান্দারবান কারাগারে পাঠানোর পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ১৪ মে রাতে তাকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার উন্নতি না হওয়ায় মহিউদ্দিন চৌধুরীকে পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১৭ মে হাইকোর্ট দুটি মামলায় এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে তিনমাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।
