সূত্রাপুরে ৪ সন্ত্রাসী গ্রেপ্তার
সূত্রাপুরের মিল ব্যারাক এলাকার একটি বাসা থেকে শনিবার দুপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী মোকাররম উদ্দিন ওরফে ভুট্টোসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
অপর তিন সন্ত্রাসী হচ্ছে মো. আজিম, মো. রহমান ও শমসের আলী। তাদের কাছ থেকে ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক অশোক চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, দুপুর সাড়ে তিনটার দিকে মিল ব্যারাক এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকাল সাড়ে চারটায় তাদের সূত্রাপুর থানায় তুলে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
মোকাররম উদ্দিন ভুট্টো ভারতে গ্রেপ্তার হওয়া শীর্ষসন্ত্রাসী জয়ের ঘনিষ্ঠ বন্ধু বলে জানান এসআই চৌহান। তিনি আরও জানান, ভুট্টো ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই এর একাধিক মামলা রয়েছে।
