উত্তরবঙ্গের সঙ্গে সড়ক যোগাযোগ পুনরায় চালু
১১ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গ এবং টাঙ্গাইল থেকে ময়মনসিংহ শেরপুর ও জামালপুরের সরাসরি সড়ক যোগাযোগ আবার চালু হয়েছে।
শুক্রবার রাত তিনটার দিকে টাঙ্গাইলের কালিহাতীতে জরাজীর্ণ পৌলি সেতুর একাংশ ভেঙে পড়লে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের মূল সড়কপথটি বন্ধ করে দেওয়া হয়। মেরামতের পর শনিবার দুপুর ২টার দিকে সেতুটি যানবাহন চলাচলের জন্য আবার খুলে দেওয়া হয়।
টাঙ্গাইলের কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুন নূর জানান, শুক্রবার রাত তিনটার দিকে যমুনা সেতু-টাঙ্গাইল ঢাকা মহাসড়কের জরাজীর্ণ পৌলি সেতুর মাঝামাঝি অংশের কয়েকটি ইস্পাতের পাত কংক্রিটের আস্তরণসহ ভেঙ্গে পড়ে। এর পরপরই রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের মূল সড়কপথটি বন্ধ করে দেওয়া হয়। টাঙ্গাইলের সঙ্গে জামালপুর, শেরপুর ও ময়মনসিংহের সরাসরি সড়কপথটিও বন্ধ হয়ে যায়।
সেতুটি মেরামতের আগ পর্যন্ত যমুনা পার হয়ে আসা গাড়িগুলো এলেঙ্গা থেকে অনেকখানি ঘুরে ঘাটাইল-সাগরদীঘি-সখীপুর-গোড়াই সড়ক হয়ে ঢাকায় আসে। কিন্তু দীর্ঘ যানজটের কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জলিলুর রহমান জানান, সেনাবাহিনী এবং সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা মেরামতের কাজ শেষ করার পর দুপুর দুইটার দিকে সেতুটি খুলে দেওয়া হয়।
তিনি জানান, সেতুটি পুরোপুরি ঠিক করার জন্য শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।
