রাজশাহীতে র্যাবের পিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ
রাজশাহী নগরীর ছোটবনগাঁ এলাকায় শুক্রবার গভীর রাতে কামরুজ্জামান মজনু নামে একজন র্যাবের পিটুনিতে নিহত হয়েছে বলে এলাকাবাসী ও নিহতের পরিবার অভিযোগ করেছে।
র্যাব অবশ্য দাবি করেছে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান চালানোর সময় সংঘর্ষে অপহরণকারী মজনুর মৃত্যু হয়েছে।
এ ঘটনার পর শনিবার সকালে দোষী র্যাব সদস্যদের শাস্তি দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত মজনুর বড়ভাই পিয়ারুল ইসলাম জানান, রাত ১২ টার দিকে সাত/আটজন র্যাব সদস্য সাদা পোশাকে চারটি মোটর সাইকেলে এসে লিচু বাগানে মজনুকে পেটাতে থাকে। মজনু সে সময় লিচু বাগান পাহারা দিচ্ছিল। আকস্মিক বেধড়ক পিটুনিতে সে চিৎকার শুরু করলে এলাকাবাসী চোর মনে করে এগিয়ে যায়। এ সময় র্যাব সদস্যরা গুলি করার ভয় দেখিয়ে সেখানে কাউকেই ভিড়তে দেয়নি।
পিয়ারুল অভিযোগ করেন, র্যাব সদস্যরা লাঠি ও লোহার পাইপ দিয়ে মজনু ও তার দুই সঙ্গী রজিব এবং তৌফিককে বেধড়ক পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই মজনু মারা যায়। মজনুর মাকেও টিপিয়ে আহত করে র্যাব সদস্যরা। পরে গুরুতর আহত অবস্থায় রজিব, তৌফিক ও মজনুর মা তসলিমা বেগমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবশ্য র্যাব-৫ এর অধিনায়ক শামসুজ্জামান খান জানান, অপহৃত চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ীকে উদ্ধারের সময় অপহরণকারীদের সঙ্গে সংঘর্ষে এসব আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
র্যাব দাবি করেছে, ব্যবসায়ী জহিরুল ও রাশেদুল আগের দিন রাজশাহীতে এলে রজিব, তৌফিক, শহিদুল ইসলাম ও কামরুজ্জামান মজনু তাদের অপহরণ করে। তারা ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে জহিরুলকে ছেড়ে দেয়। জহিরুল এ ঘটনা র্যাবকে জানালে তারা ব্যবসায়ী রাশেদুলকে উদ্ধার করতে ছোট বনগাঁয় যায়। এ সময় অপহরণকারীদের সঙ্গে র্যাবের সংঘর্ষে মজনুসহ কয়েকজন আহত হয়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সেওয়ার পর চিকিৎসক মজনুকে মৃত ঘোষণা করেন।
অপহৃত ব্যবসায়ী রাশেদুলকে লিচুবাগান থেকে উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানায়।
