বরিশালে এক হাজার বস্তা সার উদ্ধার
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে শুক্রবার সন্ধ্যায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ভর্তুকি সিল ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন এক হাজার বস্তা সার উদ্ধার করেছে।
যৌথবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের সার ব্যবসায়ী বলরাম কুমার কুণ্ডু (৪২) ও শিশির কুমার কুণ্ডুর (৩৫) দোকানে অভিযান চালিয়ে ভর্তুকি সীলবিহীন নয়শ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) এবং কাগজপত্রবিহীন একশ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
গৌরনদী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক মো. শাহজাহান খান জানান, বলরাম ও শিশির দুই ভাই। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।
গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা দেবাংশু কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর কে টেলিফোনে বলেন, তিনি বাদী হয়ে এ ব্যাপারে থানায় মামলা করেছেন।
