রাজধানীর বহুতল ভবনগুলোর অনুমোদন যাচাই করছে রাজউক
শুধু বিজয় সরণির র্যাংগস ভবন নয়, রাজধানীর আরও কয়েকটি বহুতল ভবনের নকশা, উচ্চতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজউক। গুলশান, বনানী ও তেজগাঁও এলাকার এসব ভবনের নির্মাণ কৌশল, অনুমোদন প্রক্রিয়া ও বর্তমানে এগুলোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য চিঠি দিতে শুরু করেছে সংস্থাটি।
গুলশান এক নম্বরে খেলার মাঠে গড়ে ওঠা ওয়ান্ডার ল্যান্ড এর বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। এছাড়া ধানমন্ডি লেকের পাশে শের এ খাজার জাহাজ ভবনের নকশা ও এর নির্মাতা প্রতিষ্ঠান সম্পর্কেও জানতে চেয়েছে রাজউক। বিস্তারিত জানাচ্ছেন রুবী আহমেদ
ভবনগুলোকে চিঠি দেওয়ার ব্যাপারে রাজউকের প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম অবশ্য বলেছেন, “চিঠি দিয়ে তথ্য জানতে চাওয়ার মানে এই নয় যে সেগুলো অবৈধ। চিঠির জবাব আসার পর আমরা পরীক্ষা করে দেখব। কর্তৃপক্ষের জবাবের সঙ্গে তথ্যের অসঙ্গতি না থাকলে ভয় পাওয়ার তো কারণ নেই।”
রাজউক সূত্র জানায়, গুলশানে দূতাবাস এলাকায় লেক ঘেঁষে নির্মিত ২০ তলা মরিয়ম টাওয়ার, এক নম্বরে র্যাংগস ওয়াটার ফ্রন্ট, কামাল আতা তুর্ক সড়কের সুইট ড্রিমস, পারটেক্স হোল্ডিং, রূপায়ন গোল্ডেন এজ, তেজগাঁওয়ে হামিম গ্রুপের ভাড়া করা পোশাক কারখানা, মালিবাগের হোসাফ টাওয়ার সম্পর্কে সরকারের উচ্চ পর্যায় থেকে খোঁজখবর নিতে বলা হয়েছে।
দুমাস আগে থেকে রাজউক এসব ভবনের মালিকদের কাছে চিঠি দিয়ে অনুমোদিত নকশা, নির্মাতা প্রতিষ্ঠান, স্পর্শকাতর এলাকায় সুউচ্চ ভবন নির্মাণে বিভিন্ন সংস্থার ছাড়পত্র সম্পর্কে জানতে চাইছে। অবশ্য কয়েকটি ভবনের মালিক এখন পর্যন্ত রাজউকের চিঠি গ্রহণ করেননি। অনেকে আবার চিঠি পেয়েও প্রয়োজনীয় তথ্য জানাননি।
সূত্র আরও জানায়, দূতাবাস এলাকায় গড়ে ওঠা মরিয়াম টাওয়ারের পাশ ঘেষেই ভারতীয় দূতাবাসের জায়গা রয়েছে। সেখানে দূতাবাসের ভবন নির্মিত হলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা রাজউককে চিঠি দিয়ে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
এছাড়া রূপায়ন গোল্ডেন এজ এর অনুমোদন ছয় তলা পর্যন্ত থাকলেও সেটি আট তলা করা হয়েছে। এমনকি আবাসিক ভবনের অনুমতি নিয়ে সেটি নির্মাণের পর ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিক ভবন হিসাবে।
রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী কে এ এম হারুন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, অতীতের যেকোনো সময়ের চাইতে রাজউক এখন অনেক স্বাধীন। তাই অবৈধভাবে স্থাপনা তৈরি করলে কেউই ছাড় পাবে না।
অন্যদিকে, সংস্থার প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম জানান, কয়েকদফা চিঠি পাঠানোর পরও মালিক নেই দাবি করে কোনো কোনো ভবনের দারোয়ান চিঠি গ্রহণ করেনি। তিনি আরও বলেন, তেজগাঁও এ হামিম গ্রুপের ভাড়া করা ভবনকে অত্যন্ত ঝুকিপূর্ণ উল্লেখ করে রাজউকের একটি তদন্ত কমিটি এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।
এমদাদুল ইসলাম জানান, বেশ কিছু ভবনের মালিক রাজউকের চিঠির জবাব দিয়েছেন। তাদের মধ্যে শের এ খাজা সবার আগে তার ভবনের তথ্য দেন। এসব তথ্য এখন পরীক্ষা করে দেখা হবে।
এদিকে, হঠাৎ করে চিঠি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মরিয়ম টাওয়ার অ্যাপার্টমেন্ট ওনার্স সোসাইটির সাধারণ সম্পাদক মোহম্মদ এস করিম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “পাঁচ বছর আগে যখন ভবনটি তৈরি করা হচ্ছিল তখন রাজউক কর্মকর্তারা কোথায় ছিলেন। তখন তো কেউ বাধা দেয়নি। আমরা এখানে ফ্লাট কিনেছি। আমাদের তো জানার কথা নয় যথাযথ নিয়ম মেনে ভবনটি তৈরি করা হয়েছে কিনা।”
অন্যদিকে র্যাংগস ওয়াটার ফ্রন্ট এর ইনচার্জ মো. মোজাম্মেল হক আকন্দ জানান, রাজউক থেকে এরকম কোনো চিঠি তারা এখনও পাননি। তাই এ ব্যাপারে কিছু বলতে পারছেন না।
রাজউকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা খেলার মাঠে ওয়ান্ডার ল্যান্ড গড়ে তোলার জন্য সিটি কর্পোরেশনকে দায়ী করে বলেছেন, তাদের অনুমতি ছাড়া এটি হওয়া সম্ভব নয়।
