আনোয়ারায় সড়ক অবরোধ করে ডাকাতি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকায় বৃহস্পতিবার রাতে সড়ক অবরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকাসহ আনুমানিক এক লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।
যাত্রীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা এসময় একটি গাড়ি ভাংচুর করে।
আনোয়ারা থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আনুমানিক ১৫ জন ডাকাত উপজেলা সদর থেকে ১০/১২ কিলোমিটার দূরে পিএবি সড়কে বেঞ্চ দিয়ে অবরোধ করে ডাকাতি শুরু করে। তিনটি ট্রাক চারটি জিপ ও একটি প্রাইভেট কারের যাত্রীদের কাছ থেকে তারা নগদ টাকাসহ আনুমানিক এক লাখ টাকার মালামাল লুটে নেয়। শুধু প্রাইভেট কারের যাত্রীদের কাছ থেকেই তারা নগদ ৫৫ হাজার টাকা কেড়ে নেয়। এসময় যাত্রীরা বাধা দেয়ার চেষ্টা করলে তারা গাড়িটি ভাংচুর করে।
আনোয়ারা থানার দায়িত্বরত কর্মকর্তা রমজান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
