২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উড়িয়ে দেওয়ার হুমকির পর হার্ডিঞ্জ ব্রিজে সতর্কতা জারি

হার্ডিঞ্জ ব্রিজ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির পর বৃহস্পতিবার রাত থেকে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন সেতু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 09:00 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

পদ্মা নদীর ওপর নির্মিত দেশের বৃহত্তম রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ ও দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু লালন শাহ সেতুর দুই পাড়ে প্রচুরসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও সেতু এলাকায় সেনা ও পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে। সেতুর দুই পাশে উঁচু পর্যবেক্ষণ টাওয়ার থেকে কড়া নজর রাখা হয়েছে।

শুক্রবার সারাদিন সেতু পার হওয়া সব যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হয়। সেতুর নিচ দিয়ে চলাচলকারী নৌকাগুলোতেও তল্লাশি চালানো হয়। সেতু এলাকার সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং দর্শণার্থী প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

সেতু এলাকায় কর্তব্যরত ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, বোমা হামলার হুমকির সংবাদ পেয়েই সেতু এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সে কারণে যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিদের দেহ তল্লাশি করা হচ্ছে।

ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এবং হার্ডিঞ্জ ব্রিজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন মাস্টারের উদ্দেশে জাদিদ আল কায়েদা নামে একটি সংগঠন চিঠি পাঠায়। হামলার জন্য পাঁচ আত্মঘাতি সদস্যকে পাঠানো হয়েছে বলে চিঠিতে তারা জানায়। এর আগে বুধবার পাবনা পুলিশ সুপার এ এফ এম মাসুদ রব্বানী ও স্থানীয় এনজিওগুলোকে হুমকি দিয়ে জাদিদ আল কায়েদা চিঠি পাঠায়।