কোকোর চাঁদাবাজি মামলা জরুরি আইনে বিচারের আবেদন নিয়েছে আদালত
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার অধীনে বিচারের আবেদন গ্রহণ করেছে আদালত।
শুক্রবার মহানগর হাকিম জগন্নাথ দাস খোকনের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ওবায়দুল হক আবেদন করলে তা আদালত গ্রহণ করে।
১৬ মে গুলশান থানায় আরাফাত রহমান কোকো ও তার দুই শ্যালককে আসামী করে এক কোটি ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা করেন কোকোর ব্যবসায়িক অংশীদার ও বিজ্ঞাপনী সংস্থা অ্যাড মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক আবু আহাম্মেদ জায়েদান রাব্বি।
ওবায়দুল হক আবেদনে আদালতকে জানান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান ও তার দুই আত্মীয়র বিরুদ্ধে দায়ের করা মামলাটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বাদী জীবনের ভয় করছেন। সার্বিক বিবেচনায় মামলাটি জরুরি বিধিমালা ২০০৭ এর আওতায় আনার জন্য প্রস্তাব করা হয়।
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে ইতোমধ্যেই একাধিক চাঁদাবাজির মামলা হয়েছে। তিনি এখন জেলে রয়েছেন।
