চারটি বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার
প্রধান উপদষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ ও ২ নম্বর ইউনিটের পুনর্বাসন ও আধুনিকায়ন, চাঁদপুরে ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও সঞ্চালন ব্যবস্থা গড়ে তোলা, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিটের পুনর্বাসন এবং সিদ্ধিরগঞ্জে ২ ১২০ মেগাওয়াট পিকিং আওয়ার প্ল্যান্ট নির্মাণ।
এছাড়া মৎস ও পশু সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং পোলট্রি টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসিমিনেশন প্রজেক্ট; কৃষি মন্ত্রণালয়ের অধীনে বরেন্দ্র সমন্বিত এলাকা উন্নয়ন (তৃতীয় পর্যায়) এবং এগ্রিকালচার সেক্টর প্রোগ্রাম সাপোর্ট - দ্বিতীয় পর্যায়; পরিকল্পনা বিভাগের অধীনে বাংলাদেশ কৃষি শুমারী - ২০০৭; পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং যমুনা নদীর ভাঙন থেকে শৈলাবাড়ি ও পার্শ্ববর্তী এলাকা রক্ষা; যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ২৭৭টি মিটার গেজ ওয়াগনের ব্রেক সিস্টেমকে এয়ার ব্রেক সিস্টেমে রূপান্তর; রেলওয়ের পূর্বাঞ্চলের ফৌজদারহাট - সিজিপিওয়াই এসআরভি - চট্টগ্রাম সেকশনের পুনর্বাসন, তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ ও বাঘাইহাট - মাসালাং - সাজেক সড়ক নির্মাণ এবং স্থানীয় সড়ক বিভাগের অধীনে রুরাল এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ ফর পাবলিক এসেটস্ প্রকল্পগুলো সভায় অনুমোদিত হয়।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রীপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, পরিকল্পনা সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যরা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
