ড. মোশাররফের বিরুদ্ধে আরও দুটি মামলা
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্ল¬া ২ নম্বর আমলী আদালতে দু’ব্যক্তি বাদী হয়ে চাঁদাবাজি, ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে মামলা দুটি করেন। দুই মামলায় ড. মোশাররফসহ মোট ১০১ জনকে আসামী করা হয়েছে। ম্যাজিস্ট্রেট সেলিনা পারভেজ মামলা দুটি গ্রহণ করেন এবং তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
একটি মামলার বাদী দাউদকান্দির কামালকান্দি গ্রামের আশিকুর রহমান অভিযোগ করেন, ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে ড. মোশাররফের নির্দেশে আসামীরা ২০০২ সালের ১০ জানুযারি বোয়ালমারী বাজারে বাদীর সারের দোকান মোতালেব স্টোরে ভাংচুর ও লুটপাট চালায়। এ মামলায় ৫১ জনকে আসামী করা হয়।
অপর মামলায় দাউদকান্দির দক্ষিণ নসুরুদ্দি গ্রামের অহিদুর রহমান অভিযোগ করেন, ৫ লাখ টাকা চাঁদার দাবিতে ২০০১ সালের ১৭ ডিসেম্বর ড. মোশাররফের নির্দেশে বাদীর দোকান ভাংচুর ও লুটপাট চালায় আসামীরা। এ মামলায় ড. মোশাররফ এবং অন্য ৫০ জনকে আসামী করা হয়।
