চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ৩ বছর কারাদণ্ড
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য অটল চক্রবর্তীকে বৃহস্পতিবার এক চাঁদাবাজির মামলার রায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ফরিদপুরের দ্রুত বিচার আদালতের বিচারক আবদুর রশীদ এ আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৬ মে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার ব্যবসায়ী রবি সাহার কাছে অটল চক্রবর্তী আড়াই লাখ টাকা চাঁদা দাবি করেন। রবি সাহা তখন তাকে ৫০ হাজার টাকা দেন।
এ ঘটনার ১০ মাস পর গত ২২ মার্চ রবি সাহা বাদী হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
স্বেচ্ছাসেবক লীগ নেতা অটল চক্রবর্তী গত ২৫ জানুয়ারি যৌথবাহিনীর হাতে আটক হয়ে বর্তমানে ফরিদপুর জেলা কারাগারে আটক রয়েছেন। গ্রেপ্তার হওয়ার দুই মাস পর এ চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।
