ডিএসইতে তিন দিনে বাজার মূলধন বেড়েছে এক হাজার কোটি টাকা
দেশের জ্বালানী, ওষুধ উৎপাদন এবং আর্থিক খাতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের কারণে তিন দিনে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন প্রায় এক হাজার কোটি টাকা বেড়ে বুধবার ৪২ হাজার ২৪ কোটি টাকা হয়েছে।
পুঁজি বাজার বিশ্লেষকরা বলছেন, নতুন বিনিয়োগকারী এবং মূলধনের অংশগ্রহণও বাজারকে প্রভাবিত করেছে।
জ্বালানী, ব্যাংক এবং ওষুধ খাতের শেয়ারের দাম বাড়া অব্যহত থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জে ১০ দিনে বাজার মূলধন দুই হাজার কোটি টাকা বেড়েছে। গত ৩ মে তারিখে বাজার মূলধন ছিল ৪০ হাজার ৪৫২ কোটি টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আবু আহমেদ বলেন, “ নতুন বিনিয়োগ এবং বিনিয়োগকারীরা বাজারে আসছে। শেয়ারের লেনদেনের পরিমাণ বাড়ায় উৎসাহ তৈরি হয়েছে।”
ঢাকায় বিদেশি বিনিয়োগকারীদের সম্মেলনে অংশগ্রহণকারী এক বিনিয়োগকারী বলেন, “ সম্মেলনের পর শেয়ার বাজারে উৎসাহ বেড়েছে।”
ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিজিইএন বা সাধারণ সূচক ১৪ দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ বেড়ে ১৮৫৭ দশমিক ৭৯ পয়েন্টে দাঁড়ায়।
ডিএসআই বা সার্বিক মূল্য সূচক ১৪ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ বেড়ে ১৫৬৯ দশমিক ৪৫ শতাংশে পৌঁছেছে।
আকর্ষনীয় ডিএসই--২০ ব্লু চিপ শেয়ার সূচক ১৩ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ বেড়ে ১৫২২ দশমিক ৮৬ পয়েন্ট হয়।
দিনশেষে ডিএসইতে ১২৪ কোটি টাকার লেনদেন হয়। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ১২৯ কোটি টাকা।চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয় ২৪ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকা। আগেরদিন ২৮ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়।
চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের (সিএসই) সকল শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল।
পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৫৫৭ টাকা ২৫ পয়সা হয়। তাদের মোট লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা।
ব্র্যাক ব্যাংকের শেয়ার দশমিক ৫৭ শতাংশ বেড়ে হয়েছে ৬৫৫ টাকা। প্রাইম ব্যাংকের শেয়ার ২ দশমিক ৪১ শতাংশ বেড়ে ৫৯৪ টাকা ৭৫ পয়সা হয়।
সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৩৭২ টাকা ৭৫ পয়সা এবং ইউসিবিএল এর শেয়ারের দাম ২ দশমিক ৭০ শতাংশ বেড়ে ২০৯১ টাকা ৭৫ পয়সা হয়।
ডিএসইতে দাম বেড়েছে ১২৪টি শেয়ারের, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি শেয়ারের দাম।
চট্গ্রাম স্টক এক্সচেঞ্জে ৫৫টির দাম বেড়েছে, কমেছে ২৯টির এবং সাতটি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
