২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী রেদোয়ানের ক্রোক করা মালামাল ফেরত দেওয়ার নির্দেশ

সাবেক মন্ত্রী রেদোয়ান আহমেদের ক্রোক করা মালামাল ফেরত দেওয়ার আদেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম জালাল আহমেদ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় একইসঙ্গে তার বিরুদ্ধে হুলিয়া স্থগিত করারও আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 07:55 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

গত ২ মে কুমিল্লায় রেদোয়ান আহমেদের গ্রামের বাড়ি থেকে মালামাল ক্রোক করা হয়।

গত ৭ মার্চ যৌথবাহিনী রেদোয়ানের উত্তরার বাসা থেকে ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ ঘটনায় উত্তরা থানার উপপরিদর্শক মো. গিয়াসউদ্দিন মামলা রেদোয়ানকে আসামি করে ওই মামলা করেন। গত ২৬ এপ্রিল এ মামলার হাইকোর্টে জামিন চাইলে আদালত রেদোয়ানকে ৮ সপ্তাহের মধ্যে ঢাকার সিএসএম আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

হাইকোর্ট এই সময়ের মধ্যে রেদোয়ান আহমেদকে গ্রেপ্তার বা হয়রানি না করারও নির্দেশ দেন। ২৬ এপ্রিল এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

৩০ এপ্রিল ওই অভিযোগপত্র গ্রহণ করে মহানগর হাকিম সেলিনা আক্তার অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া ও তার মালামাল ক্রোকের আদেশ দেন।

৮ সপ্তাহের মধ্যে রেদোয়ানকে গ্রেপ্তার না করার আদেশ থাকা সত্ত্বেও তাকে  পলাতক দেখিয়ে ২ মে কুমিল্লায় তার গ্রামের বাড়ি থেকে মালামাল ক্রোক করা হয়।

এদিকে জব্দ করা ৩ বোতল বিদেশি মদ রেদোয়ান আহমেদের ছেলে সুলতান মঈন আহমেদ তার নিজের বৈধভাবে কেনা  দাবি করে তা ফেরত পাওয়ার জন্য ৭ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই  আবেদন নামঞ্জুর করে।

প্রসঙ্গত, মদের প্রকৃত মালিক রেদোয়ানের ছেলে সুলতান মঈন দাবি করলেও তাকে এ মামলায় আসামি করা হয়নি বলে রেদোয়ানের আইনজীবী মোঘল মোল্লা জানান।