২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনটিভির এমডি বাপ্পীকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে দুর্নীতি দমন কমিশন

সাংসদ কোটায় আমদানি করা গাড়ির মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এনায়েতুর রহমান বাপ্পী ও স্কাই মটরসের মালিক ইশতিয়াক সাদেককে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়েছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 07:47 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

এদিকে ৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওরিয়েন্টাল ব্যাংক কাওরান বাজার শাখার তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনকে অনুমতি দিয়েছে আদালত।

বাপ্পী ও সাদেককে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এম মোনায়েম। মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন অভিযুক্ত দুজনের উপস্থিতিতে আগামী ২০ মে ওই আবেদনের শুনানির দিন ধার্য করেন।

একই সময় বাপ্পী ও সাদেকের জন্য জামিন আবেদন করা হলে বিচারক ২০ তারিখেই জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন।

সাংসদ কোটায় আমদানি করা গাড়ি নিয়ম বহির্ভূতভাবে বিক্রির মাধ্যমে সরকারকে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে গত ৭ মার্চ রাজধানীর পল্লবী থানায় বাপ্পী, সাদেক ও বিএনপির সাবেক সাংসদ হারুন উর রশিদকে আসামী করে মামলা দায়ের করা হয়।

বুধবার জগন্নাথ দাস খোকনের আদালতেই ওরিয়েন্টাল ব্যাংকের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের আবেদন জানান দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আবুল হোসেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ওরিয়েন্টাল ব্যাংকের কাওরান বাজার শাখার সাবেক নির্বাহী কর্মকর্তা আশফাকুল হাকিম, প্রধান কার্যালয়ের সাবেক এভিপি ও আইটি ইনচার্জ সাব্বির আহমেদ সিদ্দিকী ও কাওরান বাজার শাখার এভিপি ও সাবেক ব্যবস্থাপক মো. মুক্তাদির বিল্ল¬াহকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেন।

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে এ তিন জন গত ২২ জানুয়ারি থেকে কারাগারে আছেন।