২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান খাঁন ওরফে মনা খাঁকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 06:26 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বুধবার সকালে মোরেলগঞ্জের পোলেরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় যৌথবাহিনীর সদস্যরা তার একটি অস্থায়ী কার্যালয়ে তল্লাশি চালিয়ে দুটি রামদা উদ্ধার করে।

নাম প্রকাশ না করার শর্তে বাগেরহাট সেনা ক্যাম্পের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আবদুল মান্নান খাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতন, ধর্ষণ, চিংড়ি ঘের লুটের বিভিন্ন অভিযোগসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, মান্নান চেয়ারম্যানকে বুধবার সন্ধ্যায় মোরেলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দুই দশক ধরে এলাকায় নিজের নামে একটি বাহিনী গঠন করে মান্নান খাঁ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার বড় ভাই জেলা বিএনপি নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ খাঁ ২০০২ সালে নব্বই রশি বাসস্ট্যাণ্ডে দিনের বেলায় খুন হন। পরে প্রায় এক তরফা নির্বাচন করে মান্নান খাঁ এলাকার চেয়ারম্যান নির্বাচিত হন।

এই নিয়ে গত কয়েক মাসে বাগেরহাটে মংলা বন্দর পৌরসভার চেয়ারম্যান আবদুল জলিল মোল্লাসহ আট ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।