সড়ক দুর্ঘটনায় বরিশাল মেয়রের গানম্যান নিহত
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়রের গানম্যান টিপু সুলতান বুধবার সকালে ফরিদপুর জেলার ভাঙ্গা--মাওয়া সড়কের বামনকান্দা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার এসময় গাড়িতে ছিলেন না। মাওয়া ফেরিঘাট থেকে তাকে আনতে যাওয়ার পথে জিপগাড়িটির সামনের একটি চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর প্রতিনিধি জানান, চাকা ফেটে যাওয়ার পর গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়ি চালক আলতাফ হোসেন (৩৩), গানম্যান টিপু (৩৫) এবং মেয়রের জনসংযোগ কর্মকর্তা মামুন (৩০) গুরুতর আহত হন। তাদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক টিপুকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) নরেশ কর্মকার জানান, ঢাকা থেকে বরিশাল ফেরার পথে মেয়রকে মাওয়া ফেরিঘাট থেকে আনতে যাচ্ছিল জিপ গাড়িটি। বেলা সাড়ে ১১ টার দিকে ভাঙ্গা পৌঁছানোর আগেই গাড়িটির পিছনের চাকা ফেটে রাস্তার পাশে উল্টে যায়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ১৬ রাউন্ড গুলি ও ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়েছে।
বরিশাল প্রতিনিধি জানান, মাওয়া ফেরিঘাটে পৌঁছানোর পর এ খবর শুনে মেয়র আবার ঢাকায় ফিরে যান। নিহত টিপু বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (সিটিএসবি) কনস্টেবলের দায়িত্বে নিয়োজিত ছিলেন। সম্প্রতি তিনি মেয়রের গানম্যান হিসেবে নিযুক্ত হন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার খান সাঈদ হাসান নফহবংি২৪.পড়স কে জানান, টিপুর বাড়ি ভোলা জেলায়। তার লাশ বর্তমানে ফরিদপুর হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্তের পর প্রথমে বরিশাল আনা হবে এবং পরে গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।
