বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস বৃহস্পতিবার
৩৯তম বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস বৃহস্পতিবার। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) ১৮৯টি সদস্য দেশের মত বাংলাদেশেও এ দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হবে।
২০০৭ সালে বিশ্ব টেলিযোগাযোগ দিবসের স্লোগান হলো “তরুণদের সম্পৃক্তকরণ: তথ্য প্রযুক্তির সুবিধাসমূহ।”
বাংলাদেশ টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ড (বিটিটিবি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিবসটি উপলক্ষে চীন--বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি সেমিনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অর্থ ও পরিকল্পনা, বাণিজ্য এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা ডা. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মঞ্জুরুল আলম এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শেখ খুরশীদ আলম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থান করবেন বিটিটিবির প্রধান কর্মাধ্যক্ষ প্রকৌশলী মো. মনোয়ার হোসেন।
এদিকে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারেও দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন আলোচনা ও বেতার কথিকা প্রচারের ব্যবস্থা নিয়েছে বিটিটিবি।
বিসিএস টেলিকম সমিতি জানিয়েছে, বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র ও সমিতির টেলিটেক জার্নালের একটি বিশেষ সংখ্যা প্রকাশ করবে।
