২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেননি বলে খালেদা জিয়া বিতর্কিত: মাহবুবুর রহমান

জঙ্গি সমস্যার মতো দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারলে খালেদা জিয়া বিতর্কিত হতেন না, বিএনপিকে এমন সঙ্কটে পড়তে হতো না। গণতন্ত্র চর্চার সুযোগ দিতে দলের মধ্যে সংস্কারও সময়ের দাবি। মঙ্গলবার বনানীর বাসায় নফহবংি২৪.পড়সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান এ মন্তব্য করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 03:10 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

সময়ের সঙ্গে সঙ্গতি রেখে দলে সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, “ধর্মগ্রন্থ ছাড়া সবকিছুতেই পরিবর্তন ও সংশোধন করা যায়। বিএনপির গঠনতন্ত্র তো বাইবেল বা গীতা নয়, যে তাতে কোনো পরিবর্তন করা যাবে না।”

মাহবুবুর রহমান দাবি করেন, ‘‘জঙ্গি দমনের মতো দুর্নীতির বিরুদ্ধে খালেদা জিয়া শক্ত অবস্থান নিলে বিএনপিকে এমন দুর্যোগের মুখে পড়তে হতো না। তিনিও বির্তকের ঊর্ধ্বে থাকতেন। এখন শুদ্ধি অভিযানের মাধ্যমে দলে সংস্কার কার্যক্রম শুরু করতে হবে। সুযোগ দিতে হবে গণতন্ত্র চর্চার ।’’

২২ জানুয়ারির একতরফা নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে ‘ভ্রান্ত ও ঝুঁকিপূর্ণ’ অভিহিত করে সাবেক এই সেনাপ্রধান বলেন, ‘‘ওই নির্বাচন হলে জাতি কেবল বিভক্তই হতো না, দেশে প্রচুর রক্তপাত হওয়ারও আশঙ্কা ছিল। ’’

সাঈদ এস্কান্দারকে বিএনপির সহ সভাপতি নিয়োগেরও সমালোচনা করেন তিনি। মাহবুবুর রহমান বলেন, “এই নিয়োগকে দলের কেউ ভালো চোখে দেখছেন না। পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসার দাবি যখন উচ্চারিত হচ্ছে, সে সময়ে এ রকম নিয়োগ দলের কর্মীদের কাছে প্রশ্ন সৃষ্টি করেছে।” 

রাজনৈতিক দলে সংস্কার কেনো প্রয়োজন জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের ১৫ বছর পার হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে সেইভাবে গণতন্ত্র চর্চার সংস্কৃতি তৈরি হয়নি। দলে নেতা নির্বাচন পদ্ধতি অস্বচ্ছ। সর্বোচ্চ কমিটিগুলো নিষ্ক্রিয় থাকে। রাজনৈতিক দলগুলোর ভেতরে সময়পোযোগী সংস্কার করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। কর্মীরাও সুস্থ রাজনৈতিক দর্শনে উদ্বুদ্ধ হতে পারবেন।”

দিনাজপুর--২ আসনের সাবেক সাংসদ মাহবুবুর রহমান জাতীয় নির্বাচনের কালো টাকা ও সন্ত্রাসের প্রভাব, রাজনীতিতে দূর্বত্তায়ন রোধ করতে বিদ্যমান আইনের সংশোধন ও রাজনৈতিক দলগুলোর সংস্কারের ওপর জোর দেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচন কমিশনহ বিভিন্ন সংস্কার কাজ শেষ করতে হবে।

নিজ দলের সংস্কার সর্ম্পকে তিনি বলেন, খালেদা জিয়া সংস্কার চান। ঘরোয়া রাজনীতি শুরু হলেই জ্যেষ্ঠ নেতাদের নিয়ে তিনি ওই কাজে হাত দেবেন। যেসব নেতা দুর্নীতির অভিযোগে কারাগারে আছেন, বিচারে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই খালেদা জিয়া তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানে দুর্নীতির অভিযোগ সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে। কিন্তু তাই বলে তিনি আইনের ঊর্ধ্বে নন। তারেকের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ প্রমাণিত হলে অন্য সবার মতো একই ব্যবস্থা নেওয়া হবে।

‘টু মাইনাস থিওরি’র বিরোধিতা করে মাহবুবুর রহমান বলেন, “আমি মাইনাসে বিশ্বাসী নই। সবসময় প্লাসে বিশ্বাস করি। দুই নেত্রীর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। নিজেদের প্রজ্ঞা ও বিচার--বিবেচনা দিয়ে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে তারা দলের নেতাকর্মীদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন বলে আমি মনে করি।”