২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার দুর্নীতি মামলা পুনরুজ্জীবিত করার উদ্যোগ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 07:29 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

সোমবার মেঘনা ঘাট বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত দুর্নীতির মামলার শুনানির দিন নির্ধারণের জন্য হাইকোর্টে সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়। তবে শেখ হাসিনার পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদালতের কার্যতালিকা থেকে মামলাটি বাদ দেওয়ার নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা সাংবাদিকদের জানিয়েছেন, হাইকোর্টের অন্য একটি বেঞ্চে মঙ্গলবার আবারো শুনানির জন্য আবেদন করা হবে।

মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলা বাতিলের আবেদনটি বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মোঃ এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়। সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা মামলাটির শুনানির জন্য দিন নির্ধারণের আবেদন জানান।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার আমীর উল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ আদালতকে বলেন, গতবছর এই আদালতই কার্যতালিকা থেকে মামলাটি বাদ দিয়েছিল। তারা এই বেঞ্চে মামলার শুনানিতে অংশ নিতে অনিচ্ছা প্রকাশ করেন।

তাদের বক্তব্যের শোনার পর আদালত মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।

বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা মো. গোলাম মোস্তফা ২০০১ সালের ১১ ডিসেম্বর মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ১৭ কোটি ৮৯ লাখ ১ হাজার ৮শ ৯৭ টাকা দুর্নীতির অভিযোগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন।

২০০২ সালের ১৪ অক্টোবর এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রফিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাকো ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক কে এম ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

মামলাটি বাতিলের জন্য শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০২ সালের ২ ডিসেম্বর এ মামলার কার্যক্রম স্থগিত করেন।

শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, গত বছর বিচারপতি শরীফউদ্দিন চাকলাদারের হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনার মামলা বাতিলের আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। ওই আদালত মামলাটি স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ বাতিল করে দিয়েছিল। পরে আপিল বিভাগের নির্দেশে স্থগিতাদেশ বহাল থাকে।