দুর্নীতি দমন কমিশনের মামলায় গিয়াস আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন
বেঁধে দেওয়া সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনে দায়ের করা মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
সোমবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আশরাফ হোসেনের আদালতে এই অভিযোগ গঠন করা হয়। আগামী ১৭ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মামুনকে জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলের বিশেষ আদালতে হাজির করা হয়।
আদালত সূত্র জানায় কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের বিভিন্ন প্রশ্নের জবাবে মামুন নিজেকে নির্দোষ দাবি করে সুবিচার প্রার্থনা করেন।
পরে মামুনের আইনজীবী এ কে এম ফখরুল ইসলাম আদালতের অনুমতি নিয়ে মামুনের সঙ্গে আধ ঘণ্টা কথা বলেন।
১৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন ৫০ জন ‘দুর্নীতিবাজ’ এর একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে তাদের নিজের ও স্ত্রী সন্তানদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দেয়। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আখতার হামিদ ভূঁইয়া মামুনের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের করেন।
