শেষ ম্যাচে দুই দলেরই প্রতিপক্ষ বৃষ্টি
আগের দুই ম্যাচে ক্রিকেট বোর্ড টিকেট বিক্রির রেকর্ড গড়েছে।
দ্বিতীয় ম্যাচে এক ওভারে চার ছয় মেরে রেকর্ড গড়েছেন বাংলাদেশের নড়াইল এক্সপ্রেস মাশরাফিও। তবে আসল খবর হলো শেষ ম্যাচটির ভাগ্যে কী আছে। জয়, পরাজয় নাকি অন্যকিছু-টাই বা পরিত্যক্ত।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারতের শেষ ম্যাচের ভাগ্যের কথা এখনই বলা যাচ্ছে না। চট্টগ্রামে সোমবার সকাল থেকেই হচ্ছে বৃষ্টি। ইলশে গুড়ি বৃষ্টিতে ভেজা মাঠের বদলে ইনডোরেই প্রাকটিসের কাজটি করতে হচ্ছে দুই দলকে। ভারতীয় ক্রিকেট দল সকালে প্রাকটিস শুরু করলেও বাংলাদেশ দল আসবেন দুপুরে।
নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা সমুদ্র বন্দর তিনটিকে চার নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত দেখানোয় আবহাওয়াই এখন ম্যাচের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার রবি শাস্ত্রীর গা-জ্বালানো মন্তব্যের চেয়েও বেশি আলোচিত এখন আবহাওয়া প্রসঙ্গ।
সকালে রবি শাস্ত্রীর মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড় সাংবাদিকদের বলেন, “আমার মনে হয় না এই প্রশ্নের উত্তর দেওয়ার কোন কারণ আাছে। বিশ্বকাপে তারা (বাংলাদেশ) দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিতেছে। এর আগে প্রাকটিস ম্যাচেও নিউজিল্যান্ডকে হারিয়েছে।”
তবে আর যাই হোক বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার আশার কথা বলতে ভুলেননি ভারতীয় দলনায়ক।
“আমরা ৩-০ তে সিরিজটা জেতার জন্য মুখিয়ে আছি। আর এই সফরে আমাদের এটাও একটা লক্ষ্য ছিল যে, সিরিজটা ৩-০ তে জিতে যাওয়া।”
শুধু সিরিজটা জিতলেই আত্মতৃপ্তি আসছে না ভারতীয় শিবিরে। অন্তত রাহুল দ্রাবিড়ের কথা থেকে শুনে এটাই মনে হয়েছে। তাদের চাই বড় ব্যবধানের জয়। আর সেই কথাটাই বলে গেলেন তিনি।
“বিশ্বকাপের হতাশাজনক পারফর্মেন্স এর পর এই যে জিতলাম সেটাও একটা ভালো ব্যাপার। তবে যেহেতু প্রথম দুইটি ম্যাচে লড়াই হয়েছে সেহেতু শেষ ম্যাচটা অবশ্যই বড় ব্যবধানে জিততে চাই আমরা।”
