তালভর্তি ট্রাক থেকে দেড় কেজি সোনা উদ্ধার
যশোরে রোববার তালভর্তি একটি ট্রাক থেকে প্রায় দেড় কেজি সোনা উদ্ধার করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন রাত ১১টার দিকে এ উদ্ধার তৎপরতা চালায়।
উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।
এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হল কালিগঞ্জের পূর্ব নলতা গ্রামের হজরত আলী, দুদলী গ্রামের সৈয়দ ওলিয়ার রহমান, সোনা তেকরী গ্রামের হায়দার আলী ও ট্রাক চালক স্বপন সরকার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কাশিমপুর বাজারে তাল বোঝাই একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। ট্রাকটিতে এক কেজি চারশ’ গ্রাম সোনা পাওয়া যায়।
উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক এ এম হাফিজুর রহমান জানান, গ্রেপ্তাকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
